ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনায় বরিশাল, নওগাঁ, মাদারীপুর ও মানিকগঞ্জে পাঁচজন নিহত হয়েছে।
বরিশাল : বরিশাল-ঢাকা মহাসড়কে পৃথক দুর্ঘটনায় এক স্কুলছাত্র ও ভ্যানচালক নিহত হয়েছে। রোববার সকালে ট্রাকচাপায় ভ্যানচালক ও দুপুরে বাস চাপায় স্কুল ছাত্র নিহত হয়।
নিহতরা হলেন- আর্মড পুলিশ ব্যাটেলিয়ান মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র মো. ইমরান (১৫) ও ভ্যানচালক আবদুর রব শিকদার (৫০)।
মহানগরীর বিমান বন্দর থানার ওসি শাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইমরান উজিরপুর উপজেলার গুঠিয়ায় এক বন্ধুর বাড়ি থেকে সাইকেলে করে বরিশাল আসছিল। পথে বরিশাল-ঢাকা মহাসড়কের ব্র্যাক অফিসের সামনে বরিশালগামী যাত্রীবাহী তাকে ধাক্কা দেয়।
আহত ইমরানকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহাসড়ক পুলিশের ওসি আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সবজি চারা নিয়ে মসজিদবাড়ি বাজারের যাওয়ার সময় ভূরঘাটা এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাক চাপা দেয় ভ্যানটিকে। গুরুতর আহত চালক রবকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
নাটোর : বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে লুৎফর রহমান রতন (৪০) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহত লুৎফর গাজীপুরের আমরাইদ গ্রামের মসলেহউদ্দিন শিকদারের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি দ্বীন ইসলাম জানান, ভোরে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের মহিষভাঙ্গায় গরুবোঝাই ট্রাক ও বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে গুরুতর আহত লুৎফরকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করলে সেখানে তার মৃত্যু হয়।
মাদারীপুর : শিবচরের বন্দরখোলা এলাকায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরো অন্তত ২৪ যাত্রী আহত।
নিহত সাইফুল ইসলাম মোড়ল (৪০) পেশায় ব্যবসায়ী। অন্যজনের নাম সজল (৩০)।
শিবচর থানার ওসি আবদুর রাজ্জাক জানান, খুলনাগামী স্বাধীন লিংক নামের একটি পরিবহন বন্দরখোলা এলাকায় খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাইফুল নিহত হন। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সজল।
মানিকগঞ্জ : সিঙ্গাইর উপজেলায় ট্রাক্টর চাপায় একজন নিহত হয়েছে।
নিহত ইউসুফ আলী (৫০) সদর উপজেলার বরুন্ডি গ্রামের বাসিন্দা।
সিঙ্গাইর থানার ওসি লিয়াকত আলী জানান, সকাল ১০টার দিকে ইউছুফ বাড়ি থেকে জামশাবাজারে নিজের দোকানে যাচ্ছিলেন। পথে মাটি বোঝাই একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমআই/১৯০৭ ঘ.
bdnews24