ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আবেদনের পর ১৫ দিনের মধ্যে পুলিশ প্রতিবেদন পাওয়া না গেলে তা ছাড়াই পাসপোর্ট দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
রোববার আগারগাঁও পাসপোর্ট অধিদপ্তর কার্যালয় পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এই সময়ের মধ্যে পুলিশের বিশেষ শাখার (এসবি) কোনো প্রতিবেদন না পাওয়া গেলে ধরে নেয়া হবে ওই ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এবং তিনি পাসপোর্ট পাওয়ার অধিকার রাখেন। তার নামে পাসপোর্ট ইস্যু করা হবে।”
পরিদর্শন শেষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মহীউদ্দীন খান আলমগীর।
রোহিঙ্গারা বাংলাদেশের পাসপোর্ট নিচ্ছে- এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, “আমাদের দেশের কিছু অঞ্চলের লোকজনের সঙ্গে তাদের সংস্কৃতি এবং আচার আচরণে কিছু মিল রয়েছে। এসবের সুযোগ নিয়ে অনেকেই বাংলাদেশি পাসর্পোট তৈরি করে দেশের বাইরে যাচ্ছে।”
এ ধরনের কেউ ধরা পড়লে সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিলে বাংলাদেশের কোনো আপত্তি থাকবে না বলে জানান মন্ত্রী।
তিনি জানান, সম্প্রতি ২ হাজার ৮২৩টি অলিখিত পাসপোর্ট খোয়া যাওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল মাবুদ, মেশিন রিডেবল পাসপোর্ট ও ভিসার (এমআরপি-এমআরভি) প্রকল্প পরিচালক রেফায়েত উল্লাহসহ পাসপোর্ট অধিদপ্তর এবং এমআরপি-এমআরভি’র কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/১৫৪৫ ঘ.
bdnews24