২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মহাসপ্তমীতে ত্রিনয়নী দেবীর চক্ষুদান

বিহিত পূজা, প্রসাদ বিতরণ আর আরতির মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী উদযাপন করছেন দেশের হিন্দু ধর্মাবলম্বীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2012, 07:04 AM

Updated : 24 Aug 2022, 12:22 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিহিত পূজা, প্রসাদ বিতরণ আর আরতির মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী উদযাপন করছেন দেশের হিন্দু ধর্মাবলম্বীরা। ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিত রঞ্জিত চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার মহাসপ্তমীর সকালে চক্ষুদানের মধ্য দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে ত্রিনয়নী দেবী দুর্গার। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন ম-পে দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, পুষ্পমাল্য, চন্দন, ধুসহ ১৬টি উপাচার দিয়ে পূজা করছেন ভক্তরা। শনিবার ষষ্ঠী তিথিতে মহালয়ার মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের হিসাবে, এবার সারা দেশে প্রায় ৩০ হাজার ম-পে শারদীয় দুর্গাপূজা হচ্ছে, যা গত বছরের তুলনায় প্রায় ২ হাজার বেশি। মহানগর সার্বজনীন পূজা কমিটির তথ্যনুযায়ী এ বছর শুধু রাজধানীই ২০১টি ম-পে পূজা চলছে। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের মূল পূজা ম-পের সামনে তৈরি করা হয়েছে বিশাল প্যান্ডেল। মহানগর সার্বজনীন পূজা কমিটির তত্ত্বাবধানে পূজাম-প ও মন্দিরকে সাজানো হয়েছে নতুন রূপে। রাজধানীর রমনা কালীমন্দির, সিদ্ধেশ্বরী কালী মন্দির, সূত্রাপুরের গৌতম মন্দির, তাঁতীবাজার, শাঁখারীবাজার, লক্ষ্মীবাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে ম-পগুলোয় সাজ সাজ রব দেখা গেছে। গুলশান-বনানী সার্বজনীন পূজা পরিষদ আর্কষণীয় সাজে সাজিয়েছে বনানী পূজা মন্ডপ। দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলেও অনুষ্ঠিত হচ্ছে এই দুর্গাপূজা। আলোকসজ্জায় সজ্জিত করে তোলা হয়েছে হলের মন্দির, মাঠ, পুকুরসহ প্রত্যেকটি ভবনে। হল প্রাধ্যক্ষ অধ্যাপক অজয় কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখানে মূলত জগন্নাথ হলে বসবাসরত কর্মকর্তা-কর্মচারীরা পূজার আয়োজন করে থকে। তবে জগন্নাথ হলের শিক্ষার্থীরাও এখানে যোগ দেওয়ায় প্রশাসনের পক্ষ থেকেও কিছু অর্থ বরাদ্দ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১২৪৭ ঘ.