২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহৃত শিক্ষার্থীকে ঢাবি হল থেকে উদ্ধার, আটক ৩

বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু এক শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলে আটকে রেখে মুক্তিপণ আদায়ের সময় এক ছাত্রলীগ নেতাসহ তিন ছাত্রকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2012, 03:30 PM

Updated : 24 Aug 2022, 12:21 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু এক শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলে আটকে রেখে মুক্তিপণ আদায়ের সময় এক ছাত্রলীগ নেতাসহ তিন ছাত্রকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ২০৮ নম্বর কক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সহায়তায় ভর্তিচ্ছু ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন। আটককৃতরা হচ্ছেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র হাবিবুর রহমান হাবিব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের প্রচার সম্পাদক রুবেল বিশ্বাস এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিশির। এ ঘটনায় তথ্য আদায়ের সুবিধার জন্য ভর্তিচ্ছু শিক্ষার্থীকেও ডিবি পুলিশ নিজেদের হেফাজতে রেখেছে। আমজাদ আলী জানান, ভর্তিচ্ছু ওই শিক্ষার্থীর নাম হারুন-অর-রশীদ হিরা। তার বাড়ি সাভারে এবং সে সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর এইচএসসি পাস করেছে। গত বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের প্রচার সম্পাদক রুবেল দেড় লাখ টাকার বিনিময়ে হিরাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র পাইয়ে দেয়ার আশ্বাস দেয়। প্র্রশ্নপত্র পাওয়ার পর টাকা দেয়া হবে এমন চুক্তিতে তারা হিরার এইচএসসির ট্রান্সক্রিপ্টও জমা রাখে। তবে যথাসময়ে প্রশ্নপত্র না দিতে পেরে হিরাকে একটি ঘড়ি দিয়ে জানানো হয়, এর মাধ্যমে তাকে প্রশ্নের উত্তর পৌঁছে দেয়া হবে। অবশ্য ওই ঘড়িটি গ্রহণে অস্বীকৃতি জানান হিরা। পরীক্ষা শেষে ট্রান্সক্রিপ্ট দেয়ার কথা বলে হিরাকে ফোন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যেতে বলেন তারা। সন্ধ্যায় টিএসসিতে গেলে তারা হিরাকে ঢাবি’র জিয়া হলের ২০৮ নম্বরে হাবিবের কক্ষে নিয়ে গিয়ে আটকে রাখে। প্রক্টর জানান, হিরাকে আটকে রেখে তার পরিবারের কাছে এক লাখ ২০ হাজার টাকা দাবি করা হয়। হিরার বাবা এসএ পরিবহনের মাধ্যমে টাকা পাঠান। পাশাপাশি পুলিশেও খবর দেন। দুপুর আড়াইটার দিকে এসএ পরিবহনের অ্যালিফেন্ট রোড শাখা থেকে টাকা উত্তোলনকালে ডিবি পুলিশ হাবিব ও রুবেলকে আটক করে। পরে তাদের তথ্যের ভিত্তিতে শিশিরকেও আটক করা হয়। আমজাদ আলী বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাবিবের বিরুদ্ধে এ ঘটনায় সম্পৃক্ততা প্রমাণিত হলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১২৬ ঘ.