মাগুরা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরার শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় শুক্রবার এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
সকালে উপজেলার খামার পাড়া গোরস্থান এলাকায় পিকআপ ভ্যানের চাপায় সাব্বির হোসেন (১১) নিহত হয়।
সাব্বির টুপিপাড়া গ্রামের রোজদার হোসেনের ছেলে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।
শ্রীপুর থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, সকাল ১১টার দিকে সাব্বির খামারপাড়া বাজার থেকে বাইসাইকেলে টুপিপাড়ায় নিজ বাড়িতে ফিরছিল। পথে খামার পাড়া গোরস্থান এলাকায় পৌঁছালে আরএফএল কোম্পানির একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।
এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী মাগুরা-শ্রীপুর সড়ক অবরোধ করে পিকআপ ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়। পরে দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
পরে পুলিশ পিকআপ ভ্যানের চালক ফারুক হোসেনকে আটক করলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়। এ ঘটনায় শ্রীপুর থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এইচএ/২২০৬ ঘ.
bdnews24