ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীন সফর শেষ করে শুক্রবার রাতে ব্যাংকক পৌঁছেছেন খালেদা জিয়া।
ব্যাংকক থেকে শনিবার সকালে দেশের উদ্দেশ্যে বিরোধী দলের নেতা রওনা হবেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব মারুফ কামাল খান।
চীন সফর শেষ করে শুক্রবার স্থানীয় সময় বিকাল সাড়ে তিনটায় থাই এয়ারলাইন্সের একটি বিমানে দেশের উদ্দেশ্যে রওনা হন খালেদা জিয়া। বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের প্রধান ও মন্ত্রী ওয়াং জিয়ারুসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সোমবার বিকালে বেইজিং যান খালেদা জিয়া। সফরে চীনের ভাইস প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন তিনি।
এছাড়া খালেদা জিয়া চীনের পররাষ্ট্র মন্ত্রী ইয়াং জিয়েচি, কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের প্রধান ওয়াং জিয়ারু ও উপমন্ত্রী চেন ফেংজিয়াংয়ের সঙ্গে বৈঠক করেন।
বিএনপি চেয়ারপারসন একটি উচ্চক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এতে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান, সহসভাপতি সেলিমা রহমান, শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ ও প্রেস সচিব মারুফ কামাল খান, বিশেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাস, একান্ত সচিব সালেহ আহমেদ প্রমুখ ছিলেন।
এর আগে ২০১০ সালের ১৯ ডিসেম্বরে বিরোধী দলীয় নেতা হিসেবে খালেদা জিয়া চীন সফর করেছিলেন। প্রধানমন্ত্রী থাকার সময় একাধিকবার তিনি চীন সফরে গিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/২০৪৫ ঘ.
bdnews24