ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মতিঝিলে প্রায় চার হাজার ইয়াবা ট্যাবলেটসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার বিকালে মতিঝিল ফকিরাপুলের হোটেল আলীজারের একটি কক্ষে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে শুক্রবার পাঠানো ঢাকা মহানগর পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
তারা হলেন, সারোয়ার কামাল (২৩), আবদুল জব্বার (৩০), মুক্তার হোসেন (২০), মঞ্জুর আলী (৩০), মো. নাছিম (২৫) ও কামাল ওরফে হৃদয় (২১)।
তাদের কাছে ৩ হাজার ৯৩০টি ইয়াবা ট্যাবলেট ছাড়াও ইয়াবা বিক্রির ছয় লাখ আটান্ন হাজার টাকা উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কামাল, মুক্তার, মঞ্জুর, নাছিম ও হৃদয়ের বাড়ি কক্সবাজার আর জব্বারের বাড়ি বরিশাল।
তারা বিভিন্ন সময়ে টেকনাফ থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে চট্টগ্রাম, কুমিল্লা, নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রি করতো বলে পুলিশ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১৮৫১ ঘ.
bdnews24