ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মুক্তিযুদ্ধে বাঙালির প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া বিদেশি বন্ধুদের তৃতীয় পর্বে সম্মাননা জানানোর প্রস্তুতি শেষ হয়েছে।
শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে ৬১ জন বিদেশি বন্ধুকে এই সম্মাননা দেয়া হবে বলে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি জানিয়েছেন।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে দীপু মনি বলেন, রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ ও ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ তুলে দেবেন।
তিনি বলেন, বর্তমান সরকারের আমলেই মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশি বন্ধুদের সম্মাননা জানানোর কাজ শেষ করার চেষ্টা রয়েছে। চলতি বছরে আরো এক পর্বে এবং আগামী বছরে কয়েকটি পর্বে অবশিষ্টদের সম্মাননা জানানোর পরিকল্পনা রয়েছে।
বিদেশি বন্ধুদের সম্মাননা জানানোর প্রথম পর্যায়ে গত বছর জুলাইয়ে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে সর্বোচ্চ সম্মান ‘স্বাধীনতা সম্মাননা’ দেয়া হয়। ইন্দিরার হয়ে তার পুত্রবধূ ও ভারতের ক্ষমতাসীন জোটের সভানেত্রী সোনিয়া গান্ধী ওই সম্মাননা স্মারক গ্রহণ করেন।
দ্বিতীয় পর্বে মুক্তিযুদ্ধে অবদান রাখা ৮৩ জন বিদেশিকে গত মার্চে আনুষ্ঠানিকভাবে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ ও ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ দেয়া হয়।
এবার যে ৬১ জনকে সম্মননা দেয়া হবে তাদের মধ্যে ৪৯ জন ভারতীয়, এক জন নেপালি, একজন ভিয়েতনামের, তিন জন যুক্তরাজ্যের, দুই জন যুক্তরাষ্ট্রের, দুই জন সুইডেনের, একজন ইতালির ও একজন অস্ট্রেলিয়ার নাগরিক রয়েছেন।
এদের মধ্যে ভারতের সাবেক প্রধানমন্ত্রী আই কে গুজরাল ও নেপালের প্রয়াত প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালাকে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ দেয়া হবে। বাকি ৫৯ জন পাবেন ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’।
আগের দিন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম জানান, এবার ১৮টি দেশ থেকে ১৫০ জনকে সম্মাননা গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। তাদের মধ্যে ৬১ জন সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত হবেন বলে নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্বাধীনতাযুদ্ধে বাঙালির পক্ষে অবদান রেখেছেন এমন ৫০০ বিদেশিকে মনোনীত করা হয়েছে এবং ধাপে ধাপে তাদের সবাইকে সম্মাননা জানানোর পরিকল্পনা রয়েছে।
তৃতীয় পর্বে সম্মননা গ্রহণে ইতোমধ্যে ঢাকায় আগত বিদেশি বন্ধুরা শুক্রবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। দুপুরে তারা ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন। বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তন এবং সন্ধ্যায় মুক্তিযুদ্ধ জাদুঘর ঘুরে দেখার কথা রয়েছে তাদের। রাতে পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে এক নৈশ ভোজে অংশ নেয়ার কথা তাদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/১৭৫৫ ঘ.
bdnews24