ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি অর্থ বছরের (২০১২-১৩) প্রথম তিন মাসে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন (বিপিসি) নিট লাভ করেছে ১ কোটি ৬১ লাখ ৮৭ হাজার টাকা।
বৃহস্পতিবার রাজধানীর হোটেল অবকাশে বিপিসির ৩৪তম বাণিজ্যিক সম্মেলনে এ তথ্য জানান সংস্থার সভাপতি মাকসুদুল হাসান খান।
সম্মেলনে জানানো হয়, গত অর্থবছরের প্রথম তিন মাসের তুলনায় এবছর লাভের পরিমাণ বেড়েছে প্রায় ৭ লাখ টাকা। গত বছর এর পরিমাণ ছিল মোট ১ কোটি ৫৫ লাখ ৬৯ হাজার টাকা।
এবছর বিপিসির ২৪টি বাণিজ্যিক ইউনিটের মধ্যে লাভ হয়েছে নয়টিতে এবং লোকসান হয়েছে ১৫টিতে।
এর মধ্যে সবচেয়ে বেশি লাভ হয়েছে বিপিসির ডিউটি ফ্রি অপারেশনস থেকে, যার পরিমাণ ১ কোটি ৬৬ লাখ ৭৮ হাজার টাকা।
এছাড়াও লাভ হওয়া ইউনিটগুলোর মধ্যে রয়েছে- হোটেল অবকাশ (১৫ লাখ ৬৩ হাজার টাকা), সাভারের জয় রেস্তোরাঁ (১৩ লাখ ৯৭ হাজার টাকা) ও রংপুরের পর্যটন মোটেল (১০ লাখ ৩৭ হাজার টাকা)।
অন্য দিকে লোকসান হওয়া ইউনিটগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- কুয়াকাটার হলিডে হোমস (২৯ লাখ ৬০ হাজার টাকা), মেহেরপুরের মুজিবনগর মোটেল (৭ লাখ ৫৭ হাজার টাকা) ও খাগড়াছড়ি মোটেল (৫ লাখ টাকা)।
সম্মেলনে বিপিসি চেয়ারম্যান মাকসুদুল হাসান ভবিষ্যতে বাণিজ্যিক ইউনিটগুলোর সেবার মান বাড়ানোর কথা জানান।
তিনি বলেন, সেবার মান বাড়াতে এবং মোটেলগুলোকে আকর্ষণীয় করতে আগের চেয়েও বেশি উদ্যোগ নেয়া হবে।
সম্মেলনে বিপিসির বিভিন্ন বাণিজ্যিক ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এফএ/এমআই/১৩১৫ ঘ.
bdnews24