আসাদুজ্জামান আসাদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
বেনাপোল, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সামনে কোরবানী ঈদ তাই দেশীয় বাজারে এখন পশুর চাহিদা চড়া। আর সেই চাহিদা মেটাতে বেনাপোল সীমান্ত পথে ওপার থেকে আসছে বিপুল সংখ্যক পশু।
অভিযোগ পাওয়া গেছে, প্রতিদিন যতো সংখ্যক পশু আসছে ততো সংখ্যক পশু শুল্ক রাষ্ট্রীয় কোষাগারে যাচ্ছে না। আর এতে জড়িত রয়েছেন শুল্ক বিভাগের কর্মকর্তা থেকে শুরু করে বিজিবি সদস্যরা।
বেনাপোল পোর্ট থানা থেকে মাত্র ৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সীমান্তের কোল ঘেষেই অবস্থিত পুটখালী পশুর খাটাল। সীমান্তবর্তী এই পশুর খাটালটিতে ভারত থেকে প্রতিদিন হাজার হাজার পশু নিয়ে আসে দুই দেশের রাখালরা।
বেনাপোলের পুটখালী গরু ক্রয়-বিক্রয় খাটালের সভাপতি শাহাদৎ মোড়ল জানান, বেনাপোল সীমান্তের ১৫ কিলোমিটার এলাকার প্রায় ৩ হাজার পরিবারের ৫ হাজার যুবক ভারত থেকে গরু পারাপারের কাজ করেন। ভারত সীমান্ত থেকে বাংলাদেশের মালিকের কাছে একটি গরু পার করে পৌঁছে দিতে পারলে পারিশ্রমিক পাওয়া যায় ২ থেকে ৩ হাজার টাকা। বেশি টাকা রোজগারের আশায় তাই জীবন বাজি রেখে তারা ওপারে যান পশু নিয়ে আসতে।
কথা বলে জানা গেছে, মূল ব্যবসায়ীরা মোবাইল ফোনের মাধ্যমে পশু বেচা-কেনা করলেও এসব পশুর দায়দায়িত্ব রাখালদের। ভারত থেকে আনার পর এসব পশু দেখে বিজিবি সদস্যরা টোকেন স্লিপ দেয় ভ্যাট নেয়ার জন্য। এরপর শুরু হয় বেচা-কেনা। এখানে লট ধরে বিক্রি হয় পশু। এক একটি লটে থাকে ১৫ থেকে ২৫টি পর্যন্ত।
কুষ্টিয়ার পশু ব্যবসায়ী আব্দুর রহিম জানান, আমদানি স্লিপ দেখিয়ে তাদেরকে পশু আনতে হয়। এরপর রাখালরা তা পৌঁছে দেন ব্যবসায়ীদের হাতে। প্রতিদিন এখান থেকে ১০০ থেকে ১২০ ট্রাক পশু দেশের বিভিন্ন এলাকায় যায়।
এই আমদানি স্লিপ কারসাজি করে শুল্ক ফাঁকি দেয়ার তথ্য দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন রাখাল। তারা জানান, অর্থের বিনিময়ে একই স্লিপ দেখিয়ে কয়েকবার পশু আনা যায়। এক্ষেত্রে শুল্ক কর্মকর্তা ছাড়াও বিজিবি সদস্যদের ঘুষ দিতে হয়।
তবে এ অভিযোগ অস্বীকার করেছে বিজিবি ও শুল্ক কর্মকর্তারা।
পশু কেনা-বেচার পুরো প্রক্রিয়াটি ব্যাখ্যা করে বেনাপোল পুটখালী বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার শের-ই আলম বলেন, ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশ সীমান্তে পশু এনে বাংলাদেশি ব্যবসায়ীদের হাতে তুলে দেয়। পরবর্তীতে বিজিবির তদারকিতে করিডোর থেকে পশুপ্রতি ৫শ’ টাকা রাজস্ব আদায়ের পর বেচা-কেনা হয়।
এ থেকে বাড়তি টাকা আদায়ের কোনো অবকাশ নেই বলেও দাবি করেন তিনি।
আর যশোরের নাভারন গবাদি পশু শুল্ক করিডোরের সহকারী শুল্ক কর্মকর্তা (পরিদর্শক ) এনায়েত কবীর বলেন, এই করিডোর গত তিন মাসে ৯২ হাজার ৫২৪টি পশুর ছাড়পত্র দিয়ে ৪ কোটি ৬২ লাখ ৭৮ হাজার ৫শ’ টাকা রাজস্ব আদায় করেছে। চলতি অক্টোবর মাসের প্রথম ২ সপ্তাহে ২৮ হাজার ১৮৭টি পশু থেকে ভ্যাট আদায় করা হয়েছে ১ কোটি ৪০ লাখ ৯৩ হাজার ৫শ’ টাকা।
ঘুষের বিনিময়ে শুল্ক ফাঁকির অভিযোগের ব্যাপারে তিনি জানান, “বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি গরুর যে তালিকা আমাদেরকে দেয় আমরা সেই তালিকা অনুযায়ী শুল্ককর নিয়ে থাকি।”
অন্যদিকে গরু ব্যবসায়ীরা জানিয়েছেন, পশুর খাটালে ভ্যাট ছাড়াও অতিরিক্ত চাঁদা দিতে হয় হাট পরিচালনা কমিটিকে। ভ্যাট খরচ ও ট্যান্সপোর্ট খরচ বাদে ট্রাক প্রতি আদায় করা হয় ২ হাজার ৭৫০ টাকা।
এর বাইরেও পথে পথে চাঁদা গুণতে হয় বলেও অভিযোগ করেন রাজশাহীর থেকে আসা গরু ব্যবসায়ী মুক্তার আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৭৪৫ ঘ.
bdnews24