গাজীপুর, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মটরসাইকেল চোর সন্দেহে গাজীপুরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
নিহত আজমত আলী (৩০) টাঙ্গাইলের মধুপুর এলাকার রহমত আলীর ছেলে।
বৃহস্পতিবার ভোরে গাজীপুর সদর উপজেলার কোণাবাড়ির আমবাগ এলাকায় তিনি গণপিটুনির শিকার হন বলে পুলিশ জানায়।
কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন বলেন, আমবাগের মিতালী ক্লাবের সামনে একটি মটরসাইকেলসহ আজমতকে আটকে পিটুনি দেয় স্থানীয় জনতা। ভোর ৫টার দিকে আমবাগের সবদুল হোসেনের বাড়ি থেকে তিনি ওই মটরসাইকেল চুরি করে পালাচ্ছিলেন বলে স্থানীয়রা পুলিশকে জানায়।
গুরুতর আহত অবস্থায় আজমতকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এসআই মোবারক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/২০৫৩ ঘ.
bdnews24