ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মুক্তিযুদ্ধে বাঙালির প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া বিদেশি বন্ধুদের তৃতীয় পর্বে সম্মাননা জানানোর প্রস্তুতি নেয়া হয়েছে।
আগামী ২০ অক্টোবর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে ৬১ জন বিদেশি বন্ধুকে এই সম্মাননা দেয়া হবে বলে বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম জানিয়েছেন।
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ ও ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ তুলে দেবেন।
তাজুল ইসলাম বলেন, এবার ১৮টি দেশ থেকে ১৫০ জনকে সম্মাননা গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। তাদের মধ্যে ৬১ জন সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত হবেন বলে নিশ্চিত করেছেন।
বিদেশি বন্ধুদের সম্মাননা জানানোর প্রথম পর্যায়ে গত বছর জুলাইয়ে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে সর্বোচ্চ সম্মান ‘স্বাধীনতা সম্মাননা’ দেয়া হয়। ইন্দিরার হয়ে তার পুত্রবধূ ও ভারতের ক্ষমতাসীন জোটের সভানেত্রী সোনিয়া গান্ধী ওই সম্মাননা স্মারক গ্রহণ করেন।
দ্বিতীয় পর্বে মুক্তিযুদ্ধে অবদান রাখা ৮৩ জন বিদেশিকে গত মার্চে আনুষ্ঠানিকভাবে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ ও ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ দেয়া হয়।
এবার যে ৬১ জনকে সম্মননা দেয়া হবে তাদের মধ্যে ৪৯ জন ভারতীয়, এক জন নেপালি, একজন ভিয়েতনামের, তিন জন যুক্তরাজ্যের, দুই জন যুক্তরাষ্ট্রের, দুই জন সুইডেনের, একজন ইতালির ও একজন অস্ট্রেলিয়ার নাগরিক রয়েছেন।
এদের মধ্যে ভারতের সাবেক প্রধানমন্ত্রী আই কে গুজরাল ও নেপালের সাবেক প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালাকে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ দেয়া হবে।
প্রতিমন্ত্রী তাজুল জানান, স্বাধীনতাযুদ্ধে বাঙালির পক্ষে অবদান রেখেছেন এমন ৫০০ বিদেশিকে মনোনীত করা হয়েছে এবং ধাপে ধাপে তাদের সবাইকে সম্মাননা জানানোর পরিকল্পনা রয়েছে।
এদিকে, সরকারি এক তথ্যবিরণীতে জানানো হয়ে, বিদেশি ‘বন্ধুদের’ সম্মাননা জানানো উপলক্ষে তিন দিনের কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
১৮ অক্টোবর অতিথিরা আসতে শুরু করবেন জানিয়ে তাতে বলা হয়, ১৯ অক্টোবর সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দেয়ার মাধ্যমে তাদের কর্মসূচি শুরু হবে। এরপর ওই দিন বিকালে তারা সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন ও মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করবেন।
পরদিন ২০ অক্টোবর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সম্মাননা অনুষ্ঠান শেষে বিকালে রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধ পরিদর্শনে যাবেন তারা। আর ২১ অক্টোবর এক নৌবিহারে অংশ নেবেন বিদেশি বন্ধুরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/এমআই/২০৩৩ ঘ.
bdnews24