সিলেট, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দুই শতাধিক শিক্ষার্থীর এসএসসির মূল নম্বরপত্র কলেজেরই এক শিক্ষক বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে ।
বৃহস্পতিবার আন্দোলনের মুখে শিক্ষার্থীদের মূল নম্বরপত্র বিক্রি করে দেয়ার অভিযোগ স্বীকার করেন কলেজের অধ্যক্ষ। এর আগে কর্তৃপক্ষ নম্বরপত্র হারিয়ে যাওয়ার দাবি করেছিল।
শিক্ষার্থীরা জানান, দুই বছর আগে ভর্তির সময় তারা এসএসসির মূল নম্বরপত্র কলেজে জমা দেন। এ বছর যারা এইচএসসি পাস করেছে, তারা উচ্চতর শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য কলেজ কর্তৃপক্ষের কাছে এসএসসির মূল নম্বরপত্র ফেরত চান। কিন্তু কর্তৃপক্ষ নানা টালবাহানার মধ্যদিয়ে সময় ক্ষেপণ করতে থাকে বলে অভিযোগ করেন তারা।
গত ১ অক্টোবর কয়েকজন শিক্ষার্থীকে কর্তৃপক্ষ মূল নম্বরপত্র না দিয়ে ডুপ্লিকেট কপি দেয়। যাতে রয়েছে অসংখ্য ভুল। সেই ভুল সংশোধনের জন্য আবার শিক্ষার্থীদের কাছ থেকে বোর্ড নির্ধারিত ফির তুলনায় কয়েকগুণ বেশি অর্থ আদায় করা হয়।
ভুক্তভোগী শিক্ষার্থী আমিনুল ইসলাম, ওলিউর রহমান, মোহাম্মদ আলী সাইজী বিডিনিউজ টোয়েন্টিচফোর ডটকমকে জানান, এবার মোট ২২১ জন শিক্ষার্থী এই কলেজ থেকে এইচএসসি পাস করেছে। তারা এসএসসির মূল নম্বরপত্র ফিরে পাওয়ার দাবিতে গত মঙ্গলবার থেকে আন্দোলনে নামেন।
আন্দোলনের এক পর্যায়ে কলেজ অধ্যক্ষ প্রকৌশলী এ কে এম রফিকুল আমিন জানান, তাদের এসএসসির মূল নম্বরপত্র হারিয়ে গেছে।
শিক্ষার্থীরা বলেছেন, বৃহস্পতিবার অধ্যক্ষ তাদের জানান যে, ওই মূল নম্বরপত্র কলেজ শিক্ষক আব্দুল মতিন বিক্রি করে দিয়েছেন।
এ ঘটনায় জড়িতদের শাস্তিসহ ৫ দফা দাবিতে বৃহস্পতিবার দুপুরে কলেজের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
এ সময় তারা নম্বরপত্র বিক্রির ঘটনায় জড়িত শিক্ষকদের অপসারণ দাবি করেন। বিক্ষোভের খবরে কলেজে আসেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবেরা আক্তারসহ জনপ্রতিনিধিরা। পরে তারা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন।
বৈঠক শেষে ইউএনও সাবেরা আক্তার সাংবাদিকদের জানান, প্রাথমিক তদন্তে নম্বরপত্র বিক্রির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এছাড়া শিক্ষার্থীদের মূল নম্বরপত্রের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে বলে জানান তিনি।
বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর সেলিম আহমদ রনি, দক্ষিণ সুরমা থানার ওসি নাসির উদ্দিন আহমদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/১৯০৭ ঘ.
bdnews24