ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই শেখ রাসেলের ৪৮তম জন্মদিন বৃহস্পতিবার।
১৯৬৪ সালের ১৭ অক্টোবর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বর্তমান বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেলের জš§। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট পরিবারে সদস্যদের সঙ্গে ঘাতকরা হত্যা করে শিশু রাসেলকেও। ওই সময় ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীতে পড়ত শেখ রাসেল।
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন কর্মসূচি গ্রহণ করেছে।
বনানী কবরস্থানে শেখ রাসেলসহ ১৫ অগাস্টে নিহতদের কবরে ফুল দেয়ার মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হবে। মিলাদ, দোয়া মাহফিলের পাশাপাশি চিত্রাঙ্কণ ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজনও রয়েছে।
ঢাকা মহানগর আওয়ামী লীগ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে দিনব্যাপী কোরানখানি এবং বাদ আছর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। যুবলীগের কার্যালয়েও মিলাদ ও দোয়া মাহফিল হবে।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সকাল ৬টায় কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা তুলবে। সকাল ৭টায় বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর রাসেলের কবরে ফুল দেবে সংগঠনটি।
সকাল ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসএসসির কৃতি ছাত্রছাত্রী, সাংস্কৃতিক ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করেছে রাসেল সংসদ। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২৩২৮ ঘ.
bdnews24