২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহাথির ও তার স্ত্রীর জামিন

প্রতারণা মামলায় একুশে টেলিভিশনের প্রধান প্রতিবেদক মাহাথির ফারুকী এবং তার স্ত্রী সিনথিয়া আলমগীরকে জামিন দিয়েছে ঢাকার একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2012, 04:23 PM

Updated : 24 Aug 2022, 12:20 PM

ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতারণা মামলায় একুশে টেলিভিশনের প্রধান প্রতিবেদক মাহাথির ফারুকী এবং তার স্ত্রী সিনথিয়া আলমগীরকে জামিন দিয়েছে ঢাকার একটি আদালত। ঢাকার মহানগর হাকিম সাইফুর রহমান বুধবার এ আদেশ দেন। এর আগে আইনজীবী মিজানুর রহমান মাহাথীর ও তার স্ত্রীর পক্ষে স্থায়ী জামিন আবেদন করেন। প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়ার এ মামলায় দ্বিতীয় দফা জামিনের মেয়াদ শেষে মঙ্গলবার স্থায়ী জামিনের আবেদন করেন মাহাথির ও তার স্ত্রী। কিন্তু আদালত তা নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি গ্লোবাল মানি সুইং কর্পোরেশন লিমিটেডের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে গত ১৩ জুন কলাবাগান থানায় এই মামলা হয়। এরপর ১ জুলাই হাই কোর্ট থেকে দুই মাসের অর্ন্তর্বতীকালীন জামিন নেন মাহাথির ও তার স্ত্রী। ওই জামিনের মেয়াদ শেষে গত ২ সেপ্টেম্বর তারা ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে আবারো জামিন নেন। মঞ্জুরুল ইসলাম নামের এক ব্যবসায়ীর করা এ মামলার এজাহারে অভিযোগ করা হয়, গ্লোবাল মানি সুইং নামের একটি এমএলএম কোম্পানি খুলে প্রায় তিনশ’ জনের কাছ থেকে কয়েক কোটি টাকা আদায় করেছেন মাহাথির ও তার স্ত্রীসহ মোট পাঁচজন। টাকা দ্বিগুণ করে দেয়ার কথা বলে তারা ওই টাকা আত্মসাত করেন। টাকা নেয়ার প্রায় দুই মাস পর গত বছর ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে প্রতিষ্ঠানটি ‘উধাও’ হয়ে যায়। মামলার অন্য আসামিরা হলেন- ওয়াসিম আহমেদ, ওকিদুজ্জামান ডাবলু ও ইব্রাহিম হাসান সোহাগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/২২২০ ঘ.