২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামুতে সন্ত্রাস ব্যবস্থা নিতে দেরি ছিল না, দাবি আইজিপির

খবর পাওয়া মাত্রই অতিরিক্ত পুলিশ পাঠানোর কথা হাসান মাহমুদ হাই কোর্টকে জানালেও কখন তিনি খবর পেয়েছিলেন, তা জানাননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2012, 03:02 PM

Updated : 24 Aug 2022, 12:20 PM

ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রামুতে বৌদ্ধ মন্দির ও বসতিতে হামলার খবর পাওয়া মাত্রই অতিরিক্ত পুলিশ মোতায়েনের পদক্ষেপ নেয়া হয় বলে হাই কোর্টকে জানিয়েছেন হাসান মাহমুদ খোন্দকার। আদালতের আদেশে বুধবার দেয়া এক প্রতিবেদনে এই দাবি করলেও ২৯ সেপ্টেম্বর রাতে ওই হামলা শুরুর পর কখন তিনি খবর পেয়েছিলেন, তা জানাননি পুলিশ প্রধান। ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগ তুলে ওই রাত ১০টার দিকে রামুতে মিছিল বের হয়, সমাবেশও হয়। এরপর রাত ১১টা থেকে শুরু হয় উগ্রপন্থীদের হামলা-ভাংচুর-আগুন। ভোর ৪টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে কক্সবাজারের এসপি সেলিম মো. জাহাঙ্গীর ওই দিন বলেছিলেন। রামুতে সংখ্যালঘু সম্প্রদায়ের জীবন-সম্পদের সুরক্ষায় কী পদক্ষেপ নেয়া হয়েছিল- তা প্রতিবেদন আকারে দিতে একটি রিট আবেদনে পুলিশ মহাপরিদর্শককে গত ৩ অক্টোবর নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। সুপ্রিম কোর্টের আইনজীবী ও রামুর বাসিন্দা জ্যোতির্ময় বড়–য়ার আবেদনে ওই নির্দেশের পর বুধবার মির্জা হোসেইন হায়দার ও কাজী মো. ইজারুল হক আকন্দের হাই কোর্ট বেঞ্চে প্রতিবেদন দেন আইজিপি। পুলিশ প্রধানের পক্ষে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (আইন) মো. মিজানুর রহমানের তৈরি করা এই প্রতিবেদন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার আদালতে দাখিল করেন। স্বরাষ্ট্র সচিবকেও একই ধরনের প্রতিবেদন দিতে বলা হলেও তিনি আদালতের কাছ থেকে আরো সময় নিয়েছেন। আইজিপির প্রতিবেদনে বলা হয়, “কক্সবাজার পুলিশ সুপারের কাছে উত্তেজনা ছড়িয়ে পড়ার খবর পাওয়ার পর অবিলম্বে পুলিশের মহাপরিদর্শক ঘটনাস্থল বিশেষ করে রামুতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের ব্যবস্থা করেন। ওই এলাকায় যথাযথ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সরকারের অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে যোগাযোগ করেন।” তবে হাসান মাহমুদ খোন্দকার কখন খবর পেয়েছিলেন, তা প্রতিবেদনের কোথাও বলা হয়নি। ঘটনার পরদিন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইজিপির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের কথা তুলে ধরা হয় প্রতিবেদনে। “তিনি রামু ও তৎসংলগ্ন এলাকার সংগঠিত ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ত্বরিত ব্যবস্থা নিতে উপস্থিত ওই এলাকার পুলিশের উপ-মহাপরিদর্শকসহ অন্য কর্মকর্তাদের নির্দেশনা দেন।” “নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থাপনা, র‌্যাব, পুলিশ, আর্মড পুলিশ, বিজিবিসহ সব নিরাপত্তা রক্ষীদের পারফরমেন্স এবং সার্বিক পরিস্থিতি পুলিশ মহাপরিদর্শক নিজেই মনিটর করেছেন,” বলা হয় প্রতিবেদনে। রামুতে হামলা ঠেকাতে পুলিশসহ প্রশাসন ব্যর্থ ছিল বলে মানবাধিকার সংগঠনসহ বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে। স্থানীয় পুলিশ কর্মকর্তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেছেন, স্থানীয় প্রশাসন ও পুলিশ সময়মতো তৎপর হলে ঘটনা এত বড় হতে পারত না। বিভিন্ন মহল থেকে অভিযোগ ওঠার পর রামু থানার তৎকালীন ওসি নজিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়। আইজিপির প্রতিবেদনে বলা হয়, ২৯ সেপ্টেম্বরের ওই ঘটনার স্বরূপ জানতে সরকারের তদন্ত কমিটি ছাড়াও চট্টগ্রাম রেঞ্জের পুলিশের উপ-মহাপরিদর্শকের নেতৃত্বে তিন সদস্যের অন্য একটি কমিটি করা হয়েছে। “সংশ্লিষ্ট সময়ে দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো অবহেলা ছিল কি না, তা তদন্ত এবং সে ব্যাপারে সুস্পষ্ট সুপারিশ প্রদানের কাজও দেয়া হয়েছে।” প্রতিবেদনে জানানো হয়, রামু এবং এর আশেপাশের ওই ঘটনায় কেবল কক্সবাজারের চারটি থানায় মোট ১৬টি মামলা হয়েছে এবং সন্দেহভাজন ২১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, রামুতে পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ মহাপরিদর্শক স্থানীয় পুলিশ প্রশাসন, সব স¤প্রদায়ের নেতা, রাজনীতিক, সুশীল সমাজের সদস্যদের সঙ্গে বৈঠক করছেন। সর্বশেষ পরিস্থিতি দেখতে গত ১৫ অক্টোবরও তিনি কক্সবাজার যান। আইজিপি জানান, আদালতের আদেশ অনুসারে সারাদেশের সব স্থানে সংখ্যালঘু স¤প্রদায়ের জীবন, সম্পদ, ধর্মীয় স্থাপনা নিরাপত্তা বিধান এবং অনাকাক্সিক্ষত দুর্ঘটনা ঠেকাতে সতর্কতামূলক পদক্ষেপ নিতে সব পুলিশ ইউনিটকে নির্দেশ দেয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/২০৫৫ ঘ.