সাভার, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়া থেকে অস্ত্রসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ঢাকা-আরিচা মহাসড়কে বাইশমাইল এলকা থেকে গ্রেপ্তার মো. ডিমন (২৮), আরমান হোসেন (৩২) ও মো. শফিক (২৯) রাজধানীর গাবতলী এলাকার বাগবাড়ী মহল্লার বাসিন্দা।
তাদের কাছ থেকে ইতালির তৈরি একটি পিস্তল, একটি ম্যাগজিন ও তিনটি আন্তর্জাতিক পাসপোর্ট উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত আড়াইটার দিকে বেনাপোল থেকে আসা একটি যাত্রীবাহী বাসে তল্লাশিকালে তাদের কাছে অস্ত্র পাওয়া যায়।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার যুবকরা জানিয়েছেন তারা ভারত থেকে বিভিন্ন অস্ত্র কিনে ঢাকায় গোপনে বিক্রি করেন।
এ ব্যাপারে আশুলিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১৮ ঘ.
bdnews24