২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাওনকে হুমকি: চিকিৎসককে হাই কোর্টে হাজিরের নির্দেশ

জিডির ভিত্তিতে কাউকে এভাবে আটক করা যায় না- জানিয়ে হাই কোর্ট বলেছে, ‘এটা যদি ম্যাজিস্ট্রেট না জানে তাহলে তার ম্যাজিস্ট্রেট থাকার দরকার নেই।’

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2012, 12:17 PM

Updated : 24 Aug 2022, 12:20 PM

ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত কথাশিল্পী হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওনকে হুমকি দেয়ার অভিযোগে রিমান্ডে পাঠানো চিকিৎসককে আদালতে হাজির করতে বলেছে হাই কোর্ট। জিডির ভিত্তিতে রিমান্ডে পাঠানোর বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি ফরিদ আহমেদের বেঞ্চ এই আদেশ দেয়। চিকিৎসক এহসানুজ্জামানের ভাই মো. আকিলুজ্জামান খান রিটটি দায়ের করেন। আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার একেএম শফিউদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। শুনানিতে আদালত বলে, ‘আমরা এই মামলার মেরিটে যেতে চাচ্ছি না। আমাদের দেখার বিষয়, একটি জিডির ভিত্তিতে এভাবে কাউকে আটক করা যায় কি না; তা যায় না। এটা যদি ম্যাজিস্ট্রেট না জানে তাহলে তার ম্যাজিস্ট্রেট থাকার দরকার নেই।’ মামলা হয়েছে কি না- আদালত তা ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে জেনে আসতে বললে খবর নিয়ে তিনি জানান, এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। মামলা না হলে কাউকে রিমান্ডের আদেশ দেয়া যায় না বলে আদালতে উপস্থিত অন্য আইনজীবীরাও একমত পোষণ করেন। পরে ওই চিকিৎসককে বৃহস্পতিবার সকালে হাজির করতে নির্দেশ দেয় হাই কোর্ট। ব্যারিস্টার একেএম শফিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদেশে রুলও দেয়া হয়েছে। ঢাকার জেলা প্রশাসক, পুলিশের মহাপরিদর্শক, র‌্যাব-৩ এর মেজর সাদিকুর রহমান ও রমনা থানার ওসিকে রুলের জবাব দেয়ার পাশাপাশি অন্তবর্তীকালীন আদেশ বাস্তবায়ন করতে হবে।” ফেইসবুকে পেজ খুলে শাওনকে হুমকি দেয়ার অভিযোগে সোমবার চিকিৎসক এহসানুজ্জামান র‌্যাবের হাতে গ্রেপ্তার হন। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আদালতের হাকিম এস এম আতিকুর রহমান জিজ্ঞাসাবাদের জন্য তাকে দুই দিনের হেফাজতে পাঠানোর আদেশ দেন। সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক এহসানুজ্জামান ২০০৮ সালে ২৭তম বিসিএসে নিয়োগ পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/১৭৫৭ ঘ.