২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কোটি টাকার ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

চট্টগ্রামে অভিযান চালিয়ে প্রায় এক কোটি ১০ লাখ টাকার ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2012, 10:44 AM

Updated : 24 Aug 2022, 12:20 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে অভিযান চালিয়ে প্রায় এক কোটি ১০ লাখ টাকার ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত হাটহাজারী ও নগরীর নিউ মার্কেট এলাকায় চালানো এ অভিযানে কাউকে আটক করা যায়নি। র‌্যাব-৭ এর আঞ্চলিক অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সাইফুল করিম সাংবাদিকদের জানান, গোপন তথ্যের ভিত্তিতে হাটহাজারী উপজেলার নজু মিয়াহাট এলাকার শেখ মার্কেটের তৃতীয় তলা থেকে এক কোটি টাকার ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করা হয়। ভবনের তৃতীয় তলায় একটি অংশের চারপাশে দেয়াল তুলে মাঝের খোলা স্থানে ভিস্যাট মডেম ও এন্টেনা স্থাপন করা হয়। এ স্থাপনার থেকে প্রায় দুই কিলোমিটার দুরে তার সংযোগের মাধ্যমে একটি বাড়িতে আরও কিছু যন্ত্র স্থাপন করা ছিল। র‌্যাব জানায়, হাটহাজারী উপজেলার ভাটুয়া এলাকার মৃত আবুল হোসেননের ছেলে মো. জাহাঙ্গীর হোসেন প্রায় দুই বছর ধরে এখানে অবৈধভাবে ভিওআইপির ব্যবসা করছিলেন। ভিওআইপি সরঞ্জামের সঙ্গে জাহাঙ্গীরের একটি পাসপোর্টও উদ্ধার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান র‌্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. নূর উজ জামান। নজু মিয়াহাট থেকে ছয়টি ভিওআইপি চ্যানেল, প্রায় ৮০ লাখ টাকা মূল্যের একটি ‘ভিস্যাট মডেম’ বিভিন্ন কোম্পানির ৫০০টি মোবাইল সিম, ১০টি ব্যাটরি, দু’টি ইউপিএসসহ বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। অন্যদিকে, নগরীর নিউ মার্কেট এলাকার নূপুর শপিং কমপ্লেক্সের চতুর্থতলার একটি কক্ষ থেকে ১০ লাখ টাকার ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করা হয়। জাকির হোসেন (৩০) নামে এক যুবক কক্ষটি ভাড়া নিয়ে ভিওআইপি সরঞ্জাম স্থাপন করেছে বলে ওই মার্কেটের বণিক সমিতির সভাপতি ওয়াহিদুল আলম সাংবাদিকদের জানান। জাকির চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আদুনগরের বাসিন্দা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এসইউ/১৬৪২ ঘ.