২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটির সংঘাত গুজব থেকে, চিহ্নিত ৮

গত ২২ সেপ্টেম্বর রাঙামাটি কলেজে মারামারির পর ‘গুজবে’ সংঘটিত পাহাড়ি-বাঙালি সংঘাতে জড়িত আটজনকে চিহ্নিত করেছে তদন্ত কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2012, 04:45 PM

Updated : 24 Aug 2022, 12:20 PM

রাঙামাটি, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাহাড়ি-বাঙালির পারস্পরিক আস্থার অভাবের মধ্যে গুজব ছড়ানোয় গত ২২ সেপ্টেম্বর রাঙামাটিতে দুই পক্ষ সংঘাতে নামে বলে ওই ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে। বাসের সিটে বসাকে কেন্দ্র করে রাঙামাটি কলেজের দুই ছাত্রের ঝগড়ার পর গুজব রটিয়ে ঘটানো সংঘাতে জড়িত আটজনকে চিহ্নিত করেছে তদন্ত কমিটি। এদের একজন পাহাড়ি, অন্য সাতজন বাঙালি। ২২ সেপ্টেম্বরের সংঘাত তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে জেলা প্রশাসনের গঠিত কমিটি মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবেদন প্রকাশ করে। কমিটির তিন সদস্য মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য বৃষকেতু চাকমা ১৪ দিনের তদন্তে পাওয়া তথ্য নিয়ে ১২ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করেছে। কমিটি পার্বত্যাঞ্চলে পাহাড়ি-বাঙালির মধ্যে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি পার্বত্য শান্তিচুক্তি পুরোপুরি বাস্তবায়নের সুপারিশও করেছে। কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, কলেজ কর্তৃপক্ষের দক্ষতার অভাব, পাহাড়ি-বাঙালির পারস্পরিক আস্থা ও বিশ্বাসের অভাবের কারণে মোবাইল ফোনে গুজব ছড়ানোয় কলেজ ক্যাম্পাসের বাইরে সহিংসতার বিস্তার ঘটে। ১৭ সেপ্টেম্বর রাঙামাটি কলেজের একাদশ দুই ছাত্র পিংকেল চাকমা ও মো. হাসান ওরফে বাদশার মধ্যে বাসের সিটে বসাকে কেন্দ্র করে সংঘাত ছড়িয়ে পড়ে। তদন্ত কমিটি শহরে সংঘর্ষে জড়িত আটজনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজন পাহাড়ি এবং সাতজন বাঙালি। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে। তবে প্রতিবেদনে বলা হয়, “সংঘর্ষে কারা জড়িত ছিল এবং কারা গুজব ছড়িয়েছেন তাদের অনেককে সাক্ষ্য প্রমাণের অভাবে চিহ্নিত করা যায়নি।” কলেজে সৃষ্ট ঘটনার জন্য বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্র ইমন চাকমাকে দোষী হিসেবে চিহ্নিত করে তাকে কলেজ থেকে বহিষ্কার এবং ফৌজদারি আইনে ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে কমিটি। পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়া, ভূমি বন্দোবস্ত প্রক্রিয়া বন্ধ থাকা, কয়েকটি সংগঠনের চাঁদাবাজি, এনজিওগুলোতে বাঙালিদের কম নেয়া, জেলা পরিষদের কাছে পুলিশ বিভাগকে হস্তান্তর নিয়ে ক্ষোভ এই সংঘাতে প্রভাব রেখেছে বলে মনে করছে তদন্ত কমিটি। কমিটির সদস্যরা বলেছেন, বেসামরিক ও সামরিক প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা এবং সুশীল সমাজের পদক্ষেপে সংঘাত আরো বড় আকার ধারণ করতে পারেনি। তদন্ত কমিটির সুপারিশের মধ্যে রয়েছে- সবার মতামতের ভিত্তিতে পার্বত্য চুক্তি পরিপূর্ণ বাস্তবায়ন, পাহাড়ি-বাঙালি দুই স¤প্রদায়ের মধ্যে নিয়মিত যোগাযোগ, সৌর্হার্দ্য-স¤প্রীতি সৃষ্টিতে উদ্যোগ গ্রহণ, ভূমি বন্দোবস্ত প্রক্রিয়া চালু এবং দরিদ্র পাহাড়ি ও বাঙালি পরিবারের ভূমির মালিকানা নিশ্চিত করা, পার্বত্য এলাকায় পাহাড়ি এবং বাঙালি সমন্বয়ে পুলিশ বিভাগ পরিচালনা, এনজিও কার্যক্রমে বাঙালির অংশগ্রহণের সুযোগ বাড়ানো, পুলিশের জনবল বাড়ানো ইত্যাদি। রাঙামাটি সরকারি কলেজে পুলিশ ফাঁড়ি স্থাপন এবং ছাত্রছাত্রীদের পরিচয়পত্র বাধ্যতামূলক করার সুপারিশও এই কমিটি করেছে। ২২ সেপ্টেম্বর কলেজের সংঘাত থেকে শহরে সহিংসতা ছড়িয়ে পড়লে এক সরকারি চিকিৎসক, ইউপি চেয়ারম্যান, সাংবাদিকসহ কমপক্ষে ৬০ আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারাও জারি করে প্রশাসন। সংঘাতের ঘটনায় তিনটি মামলাও হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২৩০৬ ঘ.