২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে আবাসন প্রকল্পে উচ্ছেদ অভিযান

অনুমোদনহীন স্থাপনা নির্মাণের অভিযোগে করা জরিমানার টাকা না দেয়ায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি আবাসন প্রকল্পে উচ্ছেদ অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2012, 04:03 PM

Updated : 24 Aug 2022, 12:20 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনুমোদনহীন স্থাপনা নির্মাণের অভিযোগে করা জরিমানার টাকা না দেয়ায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি আবাসন প্রকল্পে উচ্ছেদ অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার ‘পূর্বাচল প্রবাসী পল্লী’ নামের এই প্রকল্পের সাইনবোর্ড ও তোরণ উচ্ছেদ করা হয় বলে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী এছাড়া প্রকল্পের কাজ বন্ধেরও নির্দেশ দেয়া হয় বলে তিনি জানান। প্রকল্পটির মালিক লন্ডন প্রবাসী মো. মুহিদুর রহমান এবং চেয়ারম্যান মো. হাবিবুর রহমান। মুনীর চৌধুরী বলেন, এক সপ্তাহ আগে এ আবাসন প্রকল্পের ২৫ লাখ টাকা জরিমানা করা হলেও তারা জরিমানার টাকা পরিশোধ করেনি। তাই এ উচ্ছেদ চালানো হয়। মুনীর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রকল্পের ভূমি মালিকানা নিশ্চিত না করে সাইনবোর্ড লাগানো এবং পত্রিকায় বিজ্ঞাপন দেয়া গর্হিত কাজ। শিগগিরই প্রকল্পের উদ্যোক্তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামছুল আলম, সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান, জ্যেষ্ঠ রসায়নবিদ মহিউদ্দিন মানিক এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশ অভিযানে অংশ নেয়। পরিবেশ অধিদপ্তর জানায়, সংবাদপত্রে প্রবাসী পল্লী, আদনান স্যাটেলাইট সিটি নামে বিভিন্ন বিজ্ঞাপন দিয়ে প্রকল্পের কর্মকর্তারা নাগরিকদের সঙ্গে প্রতারণা করছে। অথচ প্রকল্পের ৯৮ ভাগ এখনো জলমগ্ন এবং সেখানে স্থানীয় বাসিন্দারা মৎস্য শিকার করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/২১৫০ ঘ.