ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছে হাই কোর্ট।
মঙ্গলবার বিচারপতি খোন্দকার মূসা খালেদ ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের বেঞ্চ এ আদেশ দেয়।
আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন মো. খুরশিদ আলম খান এবং মোশাররফের পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির।
খুরশিদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত মামলা বাতিলে খন্দকার মোশাররফ হোসেনের আবেদনের প্রেক্ষিতে হাই কোর্টের দেওয়া আগের রুল খারিজ করে দিয়েছে। একই সঙ্গে মূল মামলার কার্যক্রমে উপর দেওয়া স্থগিতাদেশও প্রত্যাহার করে নিয়েছে।
“এ আদেশের ফলে নিম্ন আদালতে এ মামলার কার্যক্রম চালাতে আর বাধা থাকল না।”
এর আগে গত ১৭ অগাস্ট বিএনপি স্থায়ী কমিটির সদস্য মোশাররফের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি বাতিলে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করে হাই কোর্ট। একইসঙ্গে মামলার কার্যক্রম পরিচালনায় স্থগিতাদেশ দেওয়া হয়।
চূড়ান্ত শুনানি শেষে মঙ্গলবার ওই রুল খারিজ করে দেয় আদালত। সেইসঙ্গে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।
জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১২ কোটি টাকার সম্পদ অর্জন এবং ৩ কোটি টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৮ সালের ১০ জানুয়ারি খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে রমনা মডেল থানায় এ মামলা করে দুদক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এইচএএইচ/এইচএ/২০৪৪ ঘ.
bdnews24