সাভার, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে গ্রেপ্তার দুই ‘মাদক ব্যবসায়ীকে’ টাকার বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে।
সোমবার সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম সর্দারের বিরুদ্ধে এ অভিযোগ করেন ওই থানার নায়েক হারুন উর রশিদ খান।
হারুনের অভিযোগ, ঘটনাটি ফাঁস করায় তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে পাঠানো হয়েছে।
ছাড়া পাওয়া ব্যক্তিরা হলেন আমিনবাজারের কামরুল ইসলাম ও মো. ওয়াহিদ।
নায়েক হারুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এসআই শহিদুল ইসলাম সর্দার সোমবার দুপুরে আমিনবাজার থেকে ফেন্সিডিল ও হেরোইনসহ কামরুল ও ওয়াহিদকে গ্রেপ্তার করেন। সন্ধ্যায় তাদের স্বজনদের কাছ থেকে চার লাখ টাকা নিয়ে ছেড়ে দেয়।
তড়িঘড়ি করে ওয়াহিদকে ছেড়ে দিলে সে হাতকড়াসহ দ্রুত সরে পড়ে বলেও দাবি করেন হারুন।
হারুন আরো বলেন, মঙ্গলবার তিনি এসআই শহিদুল ইসলামের বিভিন্ন অপকর্মের বিবরণ দিয়ে সুবিচার চেয়ে পুলিশ সুপার বরাবর একটি লিখিত আবেদন করেছেন।
এসআই শহিদুল ইসলাম সর্দার গ্রেপ্তার দু’জনকে ছেড়ে দেয়ার কথা স্বীকার করেছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলে ছেড়ে দেয়া হয়েছে।
তবে তিনি টাকা নেয়ার কথা অস্বীকার করেছেন।
সাভার মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, তাদেরকে রাতে আবার ধরা হয়েছে। এরপর আদালতে চালান দেয়া হয়েছে।
এরপর হারুনের ব্যাপারে তিনি বলেন, হারুন বেয়াদব ছিল বলে প্রত্যাহার করতে তিনি এসপিকে অনুরোধ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/২০২৮ ঘ.
bdnews24