২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাসপোর্ট অফিসে ৩১ ‘দালালের’ দণ্ড

রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট ভবনের সামনে অভিযান চালিয়ে ‘দালালির’ দায়ে ৩১ জনকে কারাদণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2012, 11:50 AM

Updated : 24 Aug 2022, 12:20 PM

ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট ভবনের সামনে অভিযান চালিয়ে ‘দালালির’ দায়ে ৩১ জনকে কারাদণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। র‌্যাব-২ এর উপ-অধিনায়ক আনোয়ারুল হক জানান, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করে প্রত্যেককে ছয় মাসের কারদণ্ড দেওয়া হয়। এদের মধ্যে পাঁচজন নারীও রয়েছেন। তিনি বলেন, “এক শ্রেণীর অসাধু ব্যক্তি পাসপোর্ট করাতে লাইনে দাঁড়ানো লোকদের ফরম পূরণ, ছবি লাগানো, ব্যাংকে টাকা জমা দেয়ার কাজে সহযোগিতা করার নামে বিরক্ত করে। কেউ দালালের প্রস্তাবে রাজি হলে পাশের হোটেল ও ফটোকপির দোকানে নিয়ে যায়। তারপর হয়রানি করে প্রত্যেকের কাছ থেকে একটি পাসপোর্টের জন্য ১০ থেকে ১৫ হাজার টাকা হাতিয়ে নেয়।” “এই সব অপরাধের কথা স্বীকার করায় তাদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।” গত ২ অক্টোবর একই ধরনের অভিযান চালিয়ে ২৩ জনকে কারাদণ্ড দেওয়া হয় বলে তিনি জানান। ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ছিলেন আনিসুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১৭৪৬ ঘ.