চট্টগ্রাম, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সনদ জালিয়াতির অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছে আদালত।
এরা হলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক বিএম লতিফ খান ও সেকশন অফিসার নাসির উদ্দিন।
চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আতাউর রহমান মঙ্গলবার এ আদেশ দেন বলে জানান দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মাহমুদুল হক।
তিনি বলেন, দুদক আইনের তিনটি ধারার প্রতিটিতে ৫ বছর করে প্রত্যেককে ১৫ বছরের কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেয়া হয়েছে। জরিমানা না দিলে তাদের আরো ৬ মাস করে কারাগারে কাটাতে হবে।
তবে সব মামলার শাস্তি একসঙ্গে কার্যকর হবে বলে দুই আসমিকে মোট পাঁচ বছর করে সাজা খাটতে হবে বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় অকৃতকার্য পাঁচ শিক্ষার্থীকে উত্তীর্ণ দেখানো এবং কৃতকার্যদের কৃতকার্য দেখানোর অভিযোগে ১৯৯৭ সালের ১৮ নভেম্বর হাটহাজারী থানায় এই মামলা করে দুদক।
কমিশনের তখনকার সহকারী পরিচালক সিরাজুল হক ২০০১ সালের ৩০ জুলাই আদালতে অভিযোগপত্র দেন। ২০০২ সালের ২৫ জানুয়ারি এ মামলায় অভিযোগ গঠন করে আদালত।
রাষ্ট্রপক্ষের আটজন সাক্ষীর বক্তব্য শুনে এ রায় দেয় আদালত। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/ইউএস/এএইচ/জেকে/১৫২৫ ঘ.
bdnews24