২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণের অপচেষ্টা করছে’

সরকার দেশের গণমাধ্যমকে নিয়ন্ত্রণে আনার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2012, 09:15 AM

Updated : 24 Aug 2022, 12:20 PM

ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার দেশের গণমাধ্যমকে নিয়ন্ত্রণে আনার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। মঙ্গলবার দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “আমরা শুনলাম, সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণে আনার আরো কৌশল নিতে যাচ্ছে। এ রকম নিয়ন্ত্রণ দেশের জনগণ কখনো গ্রহণ করবে না।” “অতীতে আওয়ামী লীগ দেশে চারটি পত্রিকা রেখে সব সংবাদপত্র বাতিল করে দিয়েছিল। তাই তাদের বলব, আপনারা আবার সেই পথ অনুসরণ করলে ভুল করবেন। ক্ষমতায় যেতে এ ধরনের অপকৌশল কখনো সফল হবে না”, যোগ করেন মওদুদ। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মহানগর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের উদ্যোগে রামু ও উখিয়ায় বৌদ্ধ বিহার ও বসতিতে হামলার ঘটনার প্রতিবাদে এ আলোচনা সভা হয়। চট্টগ্রাম ও কক্সবাজারে সাম্প্রদায়িক সন্ত্রাসের ঘটনায় বিএনপি গঠিত ‘তদন্ত কমিটির’ প্রধান মওদুদ আহমদ অভিযোগ করেন, ঘটনার দিন সরকার ও প্রশাসনের ‘নিষ্ক্রিয়তার কারণে’ রামু, উখিয়া, টেকনাফ, পটিয়ায় তিনশ বছরের বৌদ্ধ বিহার ও প্যাগোডাগুলো ধূলিসাৎ হয়ে গেছে। “এটা নিশ্চিত সরকারের রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ওই ঘটনা ঘটেছে। এর দায় থেকে সরকার রেহাই পাবে না।” সাবেক আইনমন্ত্রী মওদুদের অভিযোগ, রামুর ঘটনার পর ৮ ঘণ্টা পর্যন্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর কেউ ঘটনাস্থলে যায়নি। তিনি বলেন, “সরকার বন্ধুহীন হয়ে পড়েছে। তাই বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানিয়ে আন্তর্জাতিক সমর্থন আদায়ের জন্য এই ঘটনা ঘটিয়েছে।” ১৯৮৩ সালের সামরিক আদালতে বিচারের রায় উচ্চ আদালতে বাতিল হওয়ার কথা তুলে ধরে তখনকার উপরাষ্ট্রপতি মওদুদ আহমদ বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, দুর্নীতির অভিযোগে আমার শাস্তি হয়েছে। আমি নাকি রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার আবেদন করেছি। এটা সঠিক নয়। প্রধানমন্ত্রী জাতির কাছে মিথ্যাচার করেছেন।” গত ১২ অক্টোবর এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলনে, দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত মওদুদ রামুর ঘটনায় যে তদন্ত করেছেন- জনগণ তা গ্রহণ করবে না। জবাবে মওদুদ বলেন, “আমি স্পষ্টভাষায় বলতে চাই, “ক্যাঙ্গারু কোর্টের রায় উচ্চ আদালতে বাতিল হওয়ার পর ১৯৮৩ সালে ২৭ জুলাই সিএমএলএ আমাকে কারাগার থেকে মুক্তি দেয়ার আদেশ দেয়। তাই প্রধানমন্ত্রীকে বলব, আমি কোথায় কার কাছে ক্ষমা চেয়েছি, আপনি তা বলুন। এভাবে মিথ্যাচার করবেন না।” জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের মহানগর সভাপতি নাহিদুল ইসলাম নাহিদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ, কেন্দ্রীয় নেতা ইসমাইল হোসেন বেঙ্গল বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৫০২ ঘ.