২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দশ ট্রাক মামলাবিচারককে বোমা মেরে হত্যার হুমকি

দশ ট্রাক অস্ত্র মামলায় লুৎফুজ্জামান বাবর দোষী সাব্যস্ত হলে বিচারককে হত্যা করা হবে বলে হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে চট্টগ্রামের আদালতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2012, 06:15 AM

Updated : 24 Aug 2022, 12:20 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মজিবুর রহমানকে বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে। আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর দোষী সাব্যস্ত হলে বিচারককে হত্যা করা হবে বলে ওই চিঠিতে বলা হয়। চিঠির খামের মধ্যে এক টুকরো কাফনের কাপড়ও পাঠানো হয়েছে। চট্টগ্রাম মহানগর পিপি কামাল উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ‘নেত্রকোণার জনগণ’ পরিচয় দিয়ে ঢাকা জিপিও থেকে ডাকযোগে পাঠানো ওই চিঠি সকাল ৯টায় হাতে পান আদালতের কর্মকর্তারা। মো. শহিদ মিয়া নামে পাঠানো ওই চিঠিতে ঠিকানা লেখা হয়েছে- সনি সুপার মার্কেট, মিরপুর-২, ঢাকা-১২১৬। গত ৩ অক্টোবর চিঠিটি পোস্ট করা হয়। মহানগর দায়রা জজ মজিবুর রহমানের আদালতে বর্তমানে চট্টগ্রামের আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলার বিচার কার্যক্রম চলছে। পিপি কামাল উদ্দিন বলেন, “মৃত্যু পরোয়ানার চিঠি পাঠিয়ে বিচারককে হুমকি দেয়া হয়েছে, যাতে ১০ ট্রাক অস্ত্র মামলার সুষ্ঠু বিচার না হয়।” বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থাকে জানানো হয়েছে বলে জানান তিনি। আদালতের কর্মকর্তারা জানান, এ ঘটনায় কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) সদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গুরুত্বের সঙ্গে এ ঘটনার তদন্ত করা হচ্ছে।” চিঠিতে বলা হয়, “আমাদের নেত্রকোণার প্রাণপ্রিয় নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আপোষহীন নেতা শহীদ জিয়ার আদর্শের সৈনিক লুৎফুজ্জামান বাবর ভাইকে যদি অন্যায়ভাবে গ্রেনেড হামলা মামলায়, চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র মামলায় যদি আপনি তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে সাজা দেয়া হয়, তাহলে মনে রাখবেন আপনাকে যেকোন জায়গায় অবস্থান করেন, সেখান থেকে মোবাইলের রিমোট কন্ট্রোল বোমা মেরে উড়িয়ে দেব।” “বর্তমানে আমাদের নেতা বাবর ভাইকে কাশিমপুর কারাগারের কর্তৃপক্ষ খারাপ ব্যবহার করে। এটা আপনার মৃত্যুর নোটিশ, এর সাথে কাফনের কাপড় দেয়া হল। আপনি পরবর্তীতে হাইকোর্টের বিচারপতি হবেন, সে স্বপ্ন পূরণ হবে না। ইতি- নেত্রকোণার জনগণ।” চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে ১০ ট্রাক অস্ত্র মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন শেষে বর্তমানে সাক্ষ্যগ্রহণ চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমসি/এএইচ/জেকে/১৪০২ ঘ.