রাজশাহী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নিহত হাসিবুল আলম (২০) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন বুধপাড়া এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে।
রাজশাহীর মতিহার থানার ওসি আনিছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাত সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের আমীর আলী হলের একটি কক্ষে ঢোকার চেষ্টা চালায় হাসিবুল। এ সময় এক শিক্ষার্থী তাকে দেখতে পেয়ে চিৎকার দিলে অন্যরা বেরিয়ে এসে তাকে বেদম মারধর করে।
পুলিশ আহত হাসিবুলকে উদ্ধার করে রাত সাড়ে ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য হাসিবুলের লাশ রাজশাহী মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় মঙ্গলবার সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/১০৩৫ ঘ.
bdnews24