ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কমিশন বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে বৃহস্পতিবার থেকে চার দিন সারা দেশে মোবাইল ফোনের বিল রিচার্জ বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ‘রিচার্জ’ ব্যবসায়ীরা।
বাংলাদেশ মোবাইর ফোন রিচার্জ ব্যাবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি আমিনুল ইসলাম বুলু মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন।
তিনি বলেন, ১৮ থেকে ২১ অক্টোবর সারা দেশে কোনো ‘রিচার্জ’ ব্যবসায়ী মোবাইল ফোনের বিল রিচার্জ করবেন না।
বুলু বলেন, “মোবাইল ফোন কোম্পানিগুলোকে কমিশন বাড়ানোর জন্য চারবার লিখিতভাবে দাবি জানানো হয়েছে। একই সাথে বিটিআরসি চেয়ারম্যানকেও বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু তারা কেউই আমাদের দাবির বিষয়ে কর্ণপাত করেনি। এ প্রেক্ষিতে এ ধরনের কর্মসূচি দিতে আমরা বাধ্য হচ্ছি।”
বর্তমানে প্রতি হাজারে ২৭ টাকার পরিবর্তে ১০০ টাকা হারে কমিশন দেওয়ার দাবি জানান তিনি।
“১০/১২ বছর আগে আমরা যে কমিশন (২৭ টাকা) পেতাম তা এখনো বলবৎ রয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সেসময়ের চেয়ে এখন ৩/৪ গুন বৃদ্ধি পেয়েছে। এ কমিশনের টাকায় এখন আর সংসার চালানো সম্ভব নয়।”
বুলু ক্ষোভ প্রকাশ করে বলেন, “মোবাইল ফোন কোম্পানিগুলো প্রতিদিন বিভিন্ন গণমাধ্যমে কোটি কোটি টাকা বিজ্ঞাপনে ঢালছে অথচ আমাদের দিকে মুখ তুলেও তাকানোর প্রয়োজন মনে করছে না। এ অবস্থায় দাবি আদায়ে কঠোর হওয়া ছাড়া আমাদের কোন পথ খোলা নেই।”
কমিশন বাড়ানো ছাড়াও অ্যাসোসিয়েশনের মাধ্যমে নতুন সিম দেওয়া, পিসিও সিমে ২৪ ঘন্টা ২৫ পয়সা মিনিট কলরেট ধার্য করা, ভুল নম্বরে রিচার্জ করলে টাকা ফেরতের ব্যবস্থা করা, শুধু রিচার্জ ব্যবসার সঙ্গে জড়িতদের রিচার্জের সিম দেওয়া, রিচার্জের সিমে বাধ্যতামূলক জামানত বন্ধ করা, রিচার্জ ব্যবসায়ীদের স্বার্থে জাতীয় নীতিমালা করা ও সহজ শর্তে ব্যাংক ঋন দেওয়াসহ মোট ১১টি দাবি জানিয়েছে সংগঠনটি।
এসব দাবিতে এর আগে ঢাকাসহ দেশের জেলা শহরগুলোতে আলাদাভাবে তিন দিন করে ধর্মঘট পালন করেন রিচার্জ ব্যবসায়ীরা।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সাধারন সম্পাদক এইচ এম বদরুদ্দোজা, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় সদস্য শফিকুর রহমান, মোস্তাফিজুর রহমান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/জেকে/এসইউ/১৩২৯ ঘ.
bdnews24