২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকচাপায় যুবলীগ নেতা নিহত

গাজীপুরের কাপাসিয়ায় ট্রাকচাপায় যুবলীগের স্থানীয় এক নেতা নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2012, 06:13 PM

Updated : 24 Aug 2022, 12:20 PM

গাজীপুর, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কাপাসিয়ায় ট্রাকচাপায় যুবলীগের স্থানীয় এক নেতা নিহত হয়েছেন। নিহত নূরে আলম সিদ্দিকী স্বপন (৩৩) টোক ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছিলেন। ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্যও ছিলেন তিনি। মোটর সাইকেল আরোহী স্বপন সোমবার বিকালে কাপাসিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে ফকির মজনু শাহ সেতুর ওপর ট্রাকের নিচে পড়েন বলে পুলিশ জানিয়েছে। কাপাসিয়া থানার ওসি দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বপন মোটর সাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন। সেতুতে ওঠার পর বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটর সাইকেলের সঙ্গে তার মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। “ওই সময় স্বপন মোটর সাইকেল থেকে ছিটকে পড়লে গাজীপুরগামী একটি ট্রাক তাকে চাপা দেয়,” বলেন তিনি। গুরুতর আহত স্বপনকে প্রথমে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে নেয়ার পথে তার মৃত্যু হয়। গুরুতর আহত অন্য মোটর সাইকেল আরোহী যুবককে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি। ওসি আরো জানান, দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। আবেদনের পরিপ্রেক্ষিতে স্বপনের লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এমআই/২৩৪৯ ঘ.