রাঙামাটি, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির রাজস্থলী উপজেলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত ও কমপক্ষে ২১ জন আহত হয়েছেন।
সোমবার সকালে এই দুর্ঘটনায় আহত ফ্রান্সিস ত্রিপুরাকে (১৩) হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। আহত ১০ জনের অবস্থাও গুরুতর বলে জানিয়েছে পুলিশ।
নিহত ফ্রান্সিস উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের সেভেন ডে এ্যাডভান্টেস হাইস্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র।
রাজস্থলী থানার ওসি মো. শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকালে অতিরিক্ত যাত্রী বোঝাই একটি বাস কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনার লিচু বাগান থেকে রাজস্থলী উপজেলা সদরে যাচ্ছিল। উপজেলার গাইন্দ্যা ইউনিয়ন সংলগ্ন এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়।
এতে বাসে থাকা কমপক্ষে ২১ জন যাত্রী আহত হয়। স্থানীয় লোকজন ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা আহত ২১ জনকে রাজস্থলী সদর হাসপাতালে ভর্তি করেন।
গুরুতর আহত ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানান ওসি।
পুলিশ আরো বলেছে, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এমআই/২৩১৫ ঘ.
bdnews24