ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উৎপাদিত কৃষিপণ্য সংগঠিতভাবে বাজারজাত করতে না পারায় কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না। এজন্য কৃষকদের সংগঠিত করে কৃষক সমিতি গঠন এবং কার্যকরভাবে কীটনাশক ও বীজ বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার।
প্রাথমিকভাবে দেশের বিভিন্ন এলাকার গড়ে ওঠা প্রায় ১২ হাজার সমন্বিত কীটনাশক ব্যবস্থাপনা (আইপিএম) ক্লাবকে ‘সমন্বিত শস্য ব্যবস্থাপনা (আইসিএম) ক্লাব’ এ পরিণত করা হচ্ছে। পরবর্তীতে আইপিএম ক্লাবের সংখ্যা ২১ হাজারে উন্নীত করা হবে।
সোমবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে কৃষিসচিব মনজুর হোসেন এ তথ্য জানান।
বিশ্বখাদ্য দিবসে তিন দিনব্যাপী ‘খাদ্য মেলা’ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় যৌথভাবে এ মেলার আয়োজন করছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এতে সহায়তা দেবে।
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) চত্বরে মঙ্গলবার এই মেলা শুরু হচ্ছে। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সকাল ১০টায় মেলার উদ্বোধন করবেন। পাশাপাশি দেশের সব জেলা ও উপজেলায়ও একই কর্মসূচি পালন করা হবে।
বিশ্ব খাদ্য দিবসের এবারের প্রতিপাদ্য হচ্ছে- ‘কৃষি সমবায়-ক্ষুধামুক্ত বিশ্ব গড়ার উপায়’।
সংবাদ সম্মেলনে সচিব মনজুর হোসেন বলেন, প্রতি বছর দেশে জনসংখ্যা প্রায় ২০ লাখ বাড়ছে। এসব মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষি উৎপাদনকে উৎসাহিত করা হচ্ছে। এখন বোরো মৌসুমে ৪৮ হাজার হেক্টর জমিতে ধানের চাষ হচ্ছে।
কিন্তু কৃষকরা ধানসহ উৎপাদিত পণ্যের যথাযথ দাম না পাওয়ায় কৃষি পণ্য উৎপাদনে উৎসাহ হারাচ্ছে। কৃষকরা সংগঠিত না থাকায় তারা এসব পণ্যের দাম পাচ্ছে না। তাই সরকার কৃষকদের সংগঠিত করে সমবায় ভিত্তিতে কৃষি পণ্যের উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণের উদ্যোগ নিয়েছে।
এজন্য ইতোমধ্যে সারাদেশে ৬৮টি কৃষি মার্কেট গড়ে তোলা হয়েছে। কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের কৃষিপণ্য বাজারজাতকরণ বিভাগও পুনর্গঠন করা হচ্ছে। এতে এ বিভাগের কার্যক্রম গতিশীল হবে। কৃষকরা একটি নির্দিষ্ট স্থানে উৎপাদিত পণ্য বিক্রির সুযোগ পাবে। এতে কৃষকরা কৃষিপণ্যের ন্যায্যমূল্য পাবে এবং ফসল চাষে আগ্রহী হবে বলে জানান সচিব।
সার ও বীজের দাম বাড়ার কারণে কৃষকরা আগ্রহ হারাচ্ছে- এমন অভিযোগের জবাবে মনজুর হোসেন বলেন, এ বছর দেশে সার ও বীজের মূল্য বাড়ানো হয়নি। বাড়ানো হয়নি সারের দামও। দাম বাড়ানোর এ অভিয়োগ সত্য নয়।
কৃষিপণ্যের ন্যায্য দাম না পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, সরকার প্রত্যেক বছরই উৎপাদন ব্যয়ের সঙ্গে লাভ যোগ করে কৃষকদের জন্য ফসলের মূল্য নির্ধারণ করে দেয়। তবে স্থানীয় বাজারের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। সেখানে চাহিদা ও সরবরাহের ভিত্তিতে বাজার দর ওঠানামা করে। তাই কৃষি মার্কেটগুলো কৃষকদের উপকারে আসবে।
সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বীজ শাখার মহাপরিচালক আনোয়ার ফারুক এবং এফএও’র বাংলাদেশ প্রতিনিধি ডমিনিক বার্গ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৮১৭ ঘ.
bdnews24