২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনালী ব্যাংক কর্মকর্তা আজিজ রিমান্ডে

দুদক বলছে, হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় আজিজুর রহমান ওতপ্রোতভাবে জড়িত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2012, 12:08 PM

Updated : 24 Aug 2022, 12:20 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হলমার্ক কেলেঙ্কারির তিন মামলায় সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার সাবেক ব্যবস্থাপক এ কে এম আজিজুর রহমানকে ২৪ দিন ধরে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তারা। রোববার গ্রেপ্তার হওয়া এই কর্মকর্তাকে সোমবার ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হয়। দুদক কর্মকর্তা তিনটি মামলায় সোনালী ব্যাংকের বর্তমান উপমহাব্যবস্থাপক আজিজকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে মোট ৩০ দিন হেফাজতের আবেদন জানান। আবেদনের শুনানি শেষে হাকিম আনোয়ার সাদাত আট দিন করে হেফাজত মঞ্জুর করেন বলে দুদকের কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। তিনি বলেন, “তিনটি মামলায় এই ব্যাংক কর্মকর্তাকে আট দিন করে ২৪ দিন জিজ্ঞাসাবাদের অনুমতি মিলেছে।” আজিজকে কেলেঙ্কারির ঘটনার ‘মাস্টার মাইন্ড’ হিসেবে আখ্যায়িত করে কাজল শুনানিতে বলেন, “সোনালী ব্যাংকের একজন ডিজিএম হিসেবে জনগণের ৩৭ হাজার কোটি টাকা লুটপাটের সুযোগ করে দিয়েছেন তিনি।” এই কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে তাকে রিমান্ডে নেওয়া দরকার জানিয়ে কাজল বলেন, “সোনালী ব্যাংকের হাজার হাজার কোটি টাকা কোথায় আছে, তা জানতে যারা এ মামলায় হেফাজতে আছেন, তাদের সঙ্গে মুখোমুখি আজিজ সাহেবকে বসানো প্রয়োজন।” এই অনিয়মের মামলায় হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ এবং মহাব্যবস্থাপক (জিএম) তুষার আহমেদকে গ্রেপ্তারের পর এখন জিজ্ঞাসাবাদের মুখোমুখি। আজিজের রিমান্ড আবেদন বাতিলের আবেদন জানিয়ে তার আইনজীবী এহসানুল হক সমাজী আদালতে বলেন, “দুদক যে সব কারণ দেখিয়ে আসামিকে রিমান্ডের আবেদন করেছে, তা অযৌক্তিক।’ আসামি অসুস্থ দাবি করে আইনজীবী বলেন, “কোনো ব্যক্তিকে একই অধিবেশনে, একই মামলায় ১৫ দিনের বেশি রিমান্ডে নেয়ার প্রয়োজন নেই।” দুপক্ষের শুনানি শেষে আসামি পক্ষের আবেদন না মঞ্জুর করেন বিচারক। অনিয়মের মাধ্যমে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে হলমার্ক গ্রুপকে আড়াই হাজার কোটি টাকার বেশি ঋণ দেয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এই ঋণ দেয়ার সময় ওই শাখার ব্যবস্থাপকের দায়িত্বে থাকা আজিজকে রোববার সন্ধ্যায় গ্রেপ্তার করে র‌্যাব। দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী সোমবার সাংবাদিকদের বলেন, “হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় আজিজুর রহমান ওতপ্রোতভাবে জড়িত।” হলমার্কের অর্থ কেলেঙ্কারির ঘটনা তদন্তে দুদকের করা কমিটির প্রধানের দায়িত্বে রয়েছেন জয়নুল আবেদীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএএইচ/এমআই/২২১৫ ঘ.