ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ নিয়ে দুদকের অনুসন্ধান এখনো মামলা করার পর্যায়ে পৌঁছেনি বলে জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান গোলাম রহমান।
ওই তদন্ত পর্যবেক্ষণে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদের সফরের মধ্যেই সোমবার দুদক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বললেন তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের অনুসন্ধান এখনো মামলা করার পর্যায়ে পৌঁছেনি।”
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সাবেক প্রধান প্রসিকিউটর লুই গাব্রিয়েল মোরেনো ওকাম্পো নেতৃত্বাধীন বিশ্ব ব্যাংকের তিন সদস্যের ওই পর্যবেক্ষক দল ঢাকায় আসার পর রোববার দুপুরে দুদক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকের পর দুদক চেয়ারম্যান জানান, বাংলাদেশের আইন ও বিধান অনুসরণ করেই দুদক এই তদন্ত পরিচালনা করবে। তদন্তে কাউকে দোষী পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বাংলাদেশের আইনেই। এসব বিষয়ে বিশ্ব ব্যাংকের পর্যবেক্ষকরাও একমত হয়েছেন।
গোলাম রহমান বলেন, “আমরা ওদের নিশ্চিত করেছি যে, বাংলাদেশের আইন ও বিধান অনুসরণ করে আমরা একটি স্বচ্ছ ও নিরপেক্ষ অনুসন্ধান করব। তারাও আমাদের প্রতি পূর্ণ সহযোগিতা দেখিয়েছেন।”
বিশ্ব ব্যাংকের এই পর্যবেক্ষক দলের অন্য দুই সদস্য হলেন- হংকংয়ের দুর্নীতিবিরোধী কমিশনের সাবেক কমিশনার টিমোথি টং এবং যুক্তরাজ্যের দুর্নীতি দমন কার্যালয়ের সাবেক পরিচালক রিচার্ড অল্ডারম্যান।
এই পর্যবেক্ষক দলের সদস্যদের সঙ্গে সোমবার সন্ধ্যায় একটি হোটেলে আবারো বৈঠক হবে বলে জানান গোলাম রহমান। তবে হোটেলের নাম তিনি বলেননি।
এদিকে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল সোমবার আর দুদক কার্যালয়ে যাচ্ছেন না বলে জানান কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।
৬ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু তৈরিতে গত বছর বিশ্ব ব্যাংক ছাড়াও এডিবি, আইডিবি ও জাইকার সঙ্গে ঋণচুক্তি করে বাংলাদেশ। কিন্তু বিশ্ব ব্যাংক প্রকল্পে ঋণ বাতিল করলে তা ঝুলে যায়।
চুক্তি বাতিলের পর অবশ্য শর্ত পূরণে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন পদত্যাগ করেন। ছুটিতে পাঠানো হয় প্রকল্পের ইন্টিগ্রিটি অ্যাডভাইজর মসিউর রহমান ও সেতু বিভাগের সাবেক সচিব মোশারররফ হোসেন ভূঁইয়াকে।
পাশাপাশি দুর্নীতি দমন কমিশনের তদন্ত পর্যবেক্ষণ করতে দিতেও রাজি হয় সরকার, যার ফলে প্রকল্পে ফেরার ঘোষণা দেয় বিশ্ব ব্যাংক। তবে একইসঙ্গে নতুন কিছু শর্ত দেয়া হয়, যার আওতায় বাংলাদেশে দুর্নীতির তদন্ত পর্যবেক্ষণে এই প্যানেল গঠনের ঘোষণা দেয় বহুজাতিক ঋণদাতা সংস্থাটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/আরএ/জেকে/১৬০০ ঘ.
bdnews24