২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হলমার্কের কারখানায় ৩ দিন ছুটি ঘোষণা

হলমার্ক খামারের গরু বিক্রি করে আন্দোলনরত শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা যায় কি না- সে বিষয়ে আলোচনা শুরু করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2012, 08:25 AM

Updated : 24 Aug 2022, 12:20 PM

সাভার, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়া বেতনের দাবিতে শ্রমিক আন্দোলনের মুখে সাভারের হেমায়েতপুরে হলমার্ক গ্রুপের পোশাক কারখানা তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পুলিশ জানায়, গত কয়েক দিনের আন্দোলনের ধারাবাহিকতায় হলমার্ক গ্রুপের শ্রমিকরা সোমবার সকালে হেমায়েতপুরের নন্দখালী এলাকায় কারখানায় এসে ‘বিশৃঙ্খলার সৃষ্টির’ চেষ্টা করলে কারখানায় ছুটি ঘোষণা করা হয়। শিল্প পুলিশের পরিদর্শক আব্দুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উত্তেজিত শ্রমিকদের শান্ত করতে কারখানার আনসারসহ অন্যদের সঙ্গে প্রাথমিক আলোচনা করে তিনদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।” আগামী বৃহস্পতিবার কারখানা খোলার পর সেদিনই শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেয়া হয়েছে বলেও জানান তিনি। সাভার মডেল থানার উপ-পরিদর্শক সাজ্জাদ রোমেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোনালী ব্যাংক থেকে নিয়ম ভেঙে ঋণ নেয়ার ঘটনায় হলমার্কের এমডি তানভীর মাহমুদ ও জিএম তুষার আহমেদ গ্রেপ্তার হওয়ায় শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। “তবে হলমার্কের খামারে অনেক গরু রয়েছে। সেগুলো বিক্রি করে বেতন-ভাতা পরিশোধ করা সম্ভব। তাই এ বিষয়টি নিয়ে পুলিশের ঊদ্ধর্তন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।” পুলিশ ও শ্রমিকরা জানায়, সকালে হলমার্ক গ্রুপের মালিকানাধীন বিভিন্ন কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করে। এ সময় শিল্প পুলিশ, থানা পুলিশ ও আনসার সদস্যরা তাদের বাধা দিলে বাকবিতণ্ডা হয়। পরে কারখানার নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা মূল ফটকে তালা ঝুলিয়ে দিলে শ্রমিকরা চলে যায়। দুই কর্মকর্তা গ্রেপ্তার হওয়ায় হলমার্কের শ্রমিকরা গত মাসের বকেয়া বেতন এখনো পাননি। এ কারণে গত কয়েকদিন ধরেই তারা কারখানার সামনে বিক্ষোভ চালিয়ে আসছেন। রোববার আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষও হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/জেকে/১৪১৫ ঘ.