ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানায় বিদ্রোহের আগে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা ও সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের কাছে দাবি-দাওয়া নিয়ে গিয়েছিলেন কয়েকজন জওয়ান, যাদের পরবর্তীতে বিদ্রোহে নেতৃত্ব দিতে দেখা যায়।
সোমবার রাজধানীর আলিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে ঢাকার জজ আদালতের বিশেষ এজলাসে পিলখানা হত্যা মামলায় দেয়া সাক্ষ্যে সেলিম এ কথা জানান।
বিচারক জহুরুল হকের আদালতে জবানবন্দিতে তিনি বলেন, “১৩ ফেব্রুয়ারি (২০০৯) সন্ধ্যায় আমার বাসায় গণ সাক্ষাতের সময় কয়েকজন বিডিআর সদস্যও আসেন। তাদের মধ্যে ছয় থেকে সাত জন বাসায় ঢোকেন। অন্যরা বাইরে ছিলেন।”
সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের এই দলে ডিএডি হাবিব ও তৌহিদ এবং সিপাহী সেলিম, মঈন, তারেক ও আইয়ূব ছিলেন বলে সেলিম জানান।
“বিডিআর সদস্যরা লিখিতভাবে রেশন, পরিবহন, ছুটি, সন্তানদের লেখাপড়া ও জাতিসংঘ মিশনে যাওয়ার সুযোগ-সুবিধা পাওয়ার দাবি জানিয়েছিলেন। আমি তাদের বলেছিলাম, বিষয়টি আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। আপনারা তার সঙ্গে সাক্ষাৎ করেন।”
২৫ ফেব্রুয়ারি সকালে পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহ শুরুর পর যে ১৪ বিডিআর সদস্য আলোচনার জন্য সন্ধ্যায় প্রধামন্ত্রীর বাসভবন যমুনায় যান, তাদের মধ্যে ১৩ ফেব্রুয়ারির সাক্ষাৎকারীরাও ছিলেন বলে জানান তিনি।
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদরদপ্তরে বিদ্রোহ করেন জওয়ানরা। টানা দুই দিনের রক্তক্ষয়ী ওই বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। এর পর বিডিআরের নাম পাল্টে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাল্টানো হয় এ বাহিনীর পোশাকও।
বিডিআর জওয়ানরা যেসব দাবির কথা বলেছিলেন- সেগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলেন কি না- এমন প্রশ্নের জবাবে পরে সাংবাদিকদের সেলিম বলেন, “নানা জন নানা সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। কিন্তু তাদের এই দাবিগুলো নিয়ে যে এ ধরনের হত্যাকাণ্ড ঘটবে তা কারো জানা ছিল না।’
এ মামলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, জাতীয় সংসদের হুইপ মির্জা আজম ও পুলিশের আইজিপি হাসান মাহমুদ খন্দকারও এর আগে সাক্ষ্য দিয়েছেন।
সকাল সাড়ে ৯টায় আদালতের কার্যক্রম শুরুর পর সেলিম তার জবানবন্দি দেওয়া শুরু করেন। এরপর তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা।
শেখ সেলিমের পর সাংবাদিক মুন্নী সাহা আদালতে সাক্ষ্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/জেকে/১৩৫০ ঘ.
bdnews24