চট্টগ্রাম, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমার থেকে আমদানির পাশাপাশি এখন চট্টগ্রামেই তৈরি হচ্ছে ইয়াবা। নেশার জন্য ব্যবহৃত এই বড়ি তৈরির সরঞ্জামসহ এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর বিষয়টি পুলিশের নজরে এসেছে।
শনিবার রাতে নগরীর বাকলিয়া থেকে ইয়াবা তৈরির সরঞ্জামসহ শ্যামল মজুমদার (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তারকৃত শ্যামল রাউজান উপজেলার বিনাজুরী গ্রামের নারায়ণ মজুমদারের ছেলে।
তবে শ্যামলের দাবি তার তৈরিকৃত ইয়াবাগুলো নকল। তার কাছ থেকে সংগ্রহ করা ইয়াবা একবার সেবন করার পর কেউ তার কাছ থেকে আর এই ইয়াবা সংগ্রহ করে না।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার তারেক আহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানধীন রসুলবাগ আবাসিক এলাকার সৈয়দ মঞ্জিল নামে একটি ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে ৫০০০ হাজার পিস ইয়াবা, ইয়াবা তৈরির সরঞ্জাম, বিভিন্ন কাঁচামাল ছাড়াও তিন রাউন্ড নাইন এমএম পিস্তলের গুলি এবং মিয়ানমারের ৫ হাজার টাকার ২৮টি জাল নোট উদ্ধার করা।
রোববার চট্টগ্রাম নগর পুলিশ (সিএমপি) সদর দপ্তরে সাংবাদিকদের সামনে শ্যামল ইয়াবা তৈরির পদ্ধতিও বর্ণনা করেন।
তিনি জানান, রাখাল নামে এক ব্যক্তির কাছ থেকে তিনি ইয়াবা তৈরির কৌশল শিখে তার কাছ থেকে বিভিন্ন সরঞ্জাম কিনে নেয়। কয়েক মাস আগে কোতোয়ালি থানাধীন চকবাজার এলাকা থেকে ইয়াবা ও তৈরির সরঞ্জামসহ রাখাল গ্রেপ্তার হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ইউএস/এএল/২০২৫ ঘ.
bdnews24