ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের চারজন অতিরিক্ত বিচারককে স্থায়ী বিচারক পদে নিয়োগ দেয়া হয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ রোববার এ আদেশ জারি করে।
চার বিচারক হলেন- বিচারপতি মো. রুহুল কুদ্দুস, বিচারপতি মো. খসরুজ্জামান, বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার।
সংবিধানের ৯৫ অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি তাদের স্থায়ী নিয়োগ দেন বলে আদেশে উল্লেখ করা হয়।।
এতে বলা হয়, শপথ নেওয়ার দিন থেকে তাদের নিয়োগ কার্যকর হবে।
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সিনহা
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের অনুপস্থিতিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন।
রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, বিচার ব্যবস্থা শক্তিশালীকরণ শীর্ষক শিক্ষা সফরে প্রধান বিচারপতি ১৬-২৫ অক্টোবর যুক্তরাষ্ট্র ও কানাডায় অবস্থান করবেন।
তাই প্রধান বিচারপতির যোগদান না করা পর্যন্ত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে প্রধান বিচারপতির দায়িত্ব দিয়েছেন।
বিডিনিউজ টোয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসআই/আরএ/১৫৩৬ ঘ.
bdnews24