২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাই কোর্টেও জামিন খারিজ ডেসটিনির হারুনের

মুদ্রা পাচারের দুই মামলায় ডেসটিনি ২০০০ লিমিটেডের প্রেসিডেন্ট সাবেক সেনা প্রধান হারুন অর রশিদের জামিন আবেদন ‘যথাযথ’ হয়নি জানিয়ে ‘উপস্থাপিত হয়নি’ মর্মে খারিজ করে দিয়েছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2012, 08:21 AM

Updated : 24 Aug 2022, 12:19 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুদ্রা পাচারের দুই মামলায় ডেসটিনি ২০০০ লিমিটেডের প্রেসিডেন্ট সাবেক সেনা প্রধান হারুন অর রশিদের জামিন আবেদন ‘যথাযথ’ হয়নি জানিয়ে ‘উপস্থাপিত হয়নি’ মর্মে খারিজ করে দিয়েছে হাই কোর্ট। বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি ফরিদ আহমেদের বেঞ্চে শুনানি শেষে রোববার এ আদেশ দেন। আদালত ‘উপস্থাপিত হয়নি’ মর্মে জামিনের আবেদনটি খারিজ করে দিলেও হারুন অর রশিদ আইন অনুসারে নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন। তার আইনজীবী আব্দুল মতিন খসরু সাংবাদিকদের জানান, “বেলা ৩টায় শুনানি করার জন্য আমরা নতুন করে আপিল দায়ের করব।” এ মামলায় দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, ডেসটিনি প্রেসিডেন্ট ফৌজদারি কার্যবিধির ৪৯৮ ধারায় জামিন চেয়েছেন। কিন্তু মামলা দুটি বিশেষ আইনে দায়ের হওয়ায় ওই ধারায় জামিন চাওয়া যায় না। মানি লন্ডারিং আইন অনুসারে তারা নিম্ন আদালেতের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করতে পারেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। তাকে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। শুনানিতে আব্দুল মতিন খসরু বলেন, তার মক্কেল একজন সাবেক সেনা প্রধান, সাব সেক্টর কমান্ডার ও বীরপ্রতীক। তিনি সব কিছু সামনে থেকে মোকাবেলা করতে চান। তিনি পালিয়ে যাওয়ার লোক নন। তাছাড়া তিনি অসুস্থ। আত্মপক্ষ সমর্থনের জন্য তার জামিনের প্রয়োজন। ডেসটিনি প্রেসিডেন্টের আইনজীবী বলেন, প্রচার মাধ্যমে নানাভাবে বলা হচ্ছে, ডেসটিনি জনগণের হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে। কিন্তু ডেসটিনির বিরুদ্ধে সাধারণ মানুষের কোনো অভিযোগ নেই। ডেসটিনির বিরুদ্ধে আনা অভিযোগ যদি সত্যিও হয়, তাহলেও হারুন নির্দোষ বলে দাবি করেন খসরু। তিনি বলেন, “ডেসটিনির কোনো ধরনের লেনদেনে তার (হারুন) কোনো ভূমিকা নেই। তিনি আলঙ্কারিক প্রধান মাত্র। তার কাজ হচ্ছে পরিচালনামণ্ডলীর বৈঠকে সভাপতিত্ব করা। তিনি কেনো চেকে সই করেন না। প্রশাসনিক ও ব্যবস্থাপনার সব কাজ করে নির্বাচিত পরিচালকমণ্ডলী ও ব্যবস্থাপনা পরিচালক।” পরে শুনানিতে মুরাদ রেজা বলেন, যেভাবে যে পদ্ধতিতে এই আবেদনটি করা হয়েছে, তা কোনোভাবেই চলতে পারে পারে না। জামিনের বিষয়টি আসবে আরো পরে। সাড়ে ৩ হাজার কোটি টাকা আত্মসাতের পর পাচারের অভিযোগে গত ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় হারুন অর রশিদসহ ডেসটিনির ২২ কর্মকর্তার বিরুদ্ধে দুটি মামলা করে দুদক। ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেশন (এমএলএম) ও ট্রি-প্লান্টেশেন প্রকল্পের নামে গ্রাহকদের কাছ থেকে সংগ্রহ করা অর্থ পাচারের ‘প্রমাণ’ পেয়ে দুদকের উপপরিচালক মো. মোজাহার আলি সরদার ও সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম মুদ্রা পাচার প্রতিরোধ আইনে মামলা দুটি দায়ের করেন। মহানগর হাকিম এরফান উল্লাহ আসামিদের সবাইকে জামিন দিলেও এর আইনি বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। এরপর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক জামিনের ওই আদেশ বাতিল করেন। এরপর হারুন-অর-রশিদ, ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আমিন ও গ্রুপের চেয়ারম্যান মো. হোসেন গত ১১ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ তা নাকচ করে তাদের কারাগারে পাঠান। হারুন-অর-রশিদ ওইদিনই জামিন চেয়ে হাই কোর্টে আবেদন করলে এ বিষয়ে শুনানির জন্য রোববার দিন রাখা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৪১৫ ঘ.