ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ ও পূজায় দুরপাল্লার যাত্রীদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়ে গেলেও তেমন একটা চাপ নেই গাবতলী টার্মিনাল এলাকার টিকিট কাউন্টারগুলোতে।
এ বছর ঈদুল আজহা এবং দুর্গা পূজার ছুটি কাছাকাছি সময়ে হওয়ায় অগ্রিম টিকিট পাওয়া নিয়ে আশংকা করছিলেন অনেকে। সকাল থেকেই দীর্ঘ সারিতে দাড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে ট্রেনের অগ্রিম টিকিটের জন্য ।
কিন্তু রোববার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ঘুরে অধিকাংশ কাউন্টার প্রায় ফাঁকাই দেখা যায়।
গাবতলী থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গগামী হানিফ এন্টারপ্রাইজের ছাড়া অগ্রিম টিকিটে ক্রেতা ছিল খুবই কম।
কাউন্টার ম্যানেজার নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২৩, ২৪ ও ২৫ অক্টোবরের টিকিটগুলোর চাহিদা বেশি। এখন ভিড় মোটামুটি, খুব বেশি নয়।”
উত্তরবঙ্গগামী রোজিনা এন্টারপ্রাইজের কাউন্টার ম্যানেজার সায়েম আহমেদও জানালেন, ২৩ অক্টোবর থেকে শুরু করে ২৬ অক্টোবর সকালের টিকিটগুলোর চাহিদা বেশি।
তিনি দাবি করেন, “অতিরিক্ত কোনো ভাড়া নেয়া হচ্ছে না, সরকার যা নির্ধারণ করেছে তাই নেয়া হচ্ছে।”
ঈগল পরিবহন, নাবিল পরিবহন, এসআর ট্রাভেলস, টিআর ট্রাভেলস, পাবনা এক্সপ্রেসসহ বিভিন্ন পরিবহন কোম্পানির কাউন্টারে ঘুরেও দেখা যায় টিকিটের চাহিদা এখনও কম।
গাবতলীতে অগ্রিম টিকিট সংগ্রহ করতে আসা এক যাত্রী রিয়াদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “২১ অথবা ২২ তারিখ গ্রামের বাড়ি যাওয়ার পরিকল্পনা করেছি। কিন্তু টিকিট করতে এসে দেখি সামনের সারির কোনো টিকিট নেই। খুঁজছি, পেলে টিকিট কেটে নিয়ে যাবো।”
টিকিট কিনতে আসা হুসাইন মো. বিপ্লব অভিযোগ করলেন, কিছু কিছু কাউন্টারে বাসের সামনের আসনের টিকিট বিক্রি বন্ধ রেখে পেছনের সারির টিকিট বিক্রি করা হচ্ছে।”
ঈদ ও পূজার ছুটি উপলক্ষে ১০ অক্টোবর থেকে দুরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এসইউ/১৪০২ ঘ.
bdnews24