সাভার, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক সন্ত্রাসী নিহত হয়েছে। আহত হন পুলিশসহ অন্তত ২০ জন।
শনিবার নরসিংহপুরের ধনাইদে এ সংঘর্ষ চলাকালে সাত জনকে আটক করেছে পুলিশ। এছাড়া বেশকিছু অস্ত্রও উদ্ধার কার হয় বলে পুলিশ জানিয়েছে।
নিহত রনি মিয়া (২৮) সাভারের আমিনবাজারের বাসিন্দা।
আহতদের মধ্যে রয়েছেন সন্ত্রাসী রিপন মিয়া, ডিবি পুলিশের পরিদর্শক (তদন্ত) শাহীন শাহ পারভেজ, কনস্টেবল আনোয়ার হোসেন ও কনস্টেবল সোহেল মিয়া। এরমধ্যে পুলিশ প্রহরায় আইসিইউতে রিপন মিয়ার চিকিৎসা চলছে।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মোহাম্মদ হোসেন (২০), মামুন হোসেন ওরফে বাবু (২৫), আল আমিন (২০), রুবেল মিয়া (২৩) ও হারুন মিয়া (৩০)। বাকিদের পরিচয় জানা যায়নি।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি রিভলবার, ১২ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, একটি চাপাতি ও তিনটি ছোড়া।
ঢাকা জেলা ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৫টার দিকে সন্ত্রাসী ধরতে আশুলিয়ায় অভিযান শুরু করে ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের দুটি টিম।
এক পর্যায়ে তারা নরসিংহপুরের ধনাইদের দিকে যাওয়া একটি মাইক্রোবাসকে থামতে বললে গাড়িতে থাকা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর পুলিশও গুলি ছুড়লে সংঘর্ষ শুরু হয়।
থেমে থেমে গোলাগুলি চলার পর রাত পৌনে ৮টার দিকে সংঘর্ষ শেষ হয়।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, সংঘর্ষে গুলিবিদ্ধ দুই সন্ত্রাসীকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর এক জনের মৃত্যু হয়। আরেকজনকে আইসিইউতে রাখা হয়েছে।
এদিকে গোলাগুলি চলাকালে সন্ত্রাসীদের একটি দল মাইক্রোবাসে উঠে উত্তরার দিকে পালানোর সময় আশুলিয়া ব্রিজের উপরে অবরোধ দেয় আশুলিয়া থানা পুলিশ। সেখানেও কয়েক দফা গুলিবিনিময় হয়।
পরে আশুলিয়া পুলিশ ফাঁড়ির সদস্য স্থানীয় জনতার সহায়তায় সাত সন্ত্রাসীকে আটক করে। তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২০৪৫ ঘ.
bdnews24