নোয়াখালী, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় সর্তকতা প্রচারে আবহাওয়া অধিদপ্তরের ‘গাফিলতির’ বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘূর্ণি দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রী নিজে বিষয়টি নিয়ে কথা বলেছেন। এছাড়া প্রতিকারের উপায় নিয়েও কথা হয়েছে।”
কারো উদাসীনতা কিংবা গাফিলতি পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে, বলেন কাদের।
ঘূর্ণিদূর্গত এলাকা পরিদর্শন এবং ত্রাণ বিতরণকালে তিনি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস থাকা সত্ত্বেও তা প্রচার না কারা বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
তিনি বলেন, শুক্রবার রাতে আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ডের সভায় এ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
সংসদ নির্বাচন বিষয়ে যোগাযোগ মন্ত্রী বলেন, আগামী নির্বাচন ২০১৩ সালের অক্টোবরের শেষ সাপ্তাহ থেকে ২০১৪ সালের জানুয়ারির ১০ তারিখের মধ্যে সংবিধান নির্দেশিত সময়ের মধ্যেই হবে।
অনিশ্চয়তার সকল মেঘ কেটে যাবে এবং বিরোধীদলসহ সব দল অংশ নেবে সেই নির্বাচনে, বলেন তিনি।
পদ্মা সেতু প্রসঙ্গে তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণে অর্থ সংস্থানের দায়িত্বে রয়েছে অর্থ মন্ত্রণালয়। অর্থ সংস্থান হলে সেতু নির্মাণের বিষয়ে কাজ করবে যোগাযোগ মন্ত্রণালয়।
সকাল ১১টায় মন্ত্রী ঝড়ে বিধ্বস্ত মধ্য চরকাঁকড়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি বিদ্যালয়ের বিধ্বস্ত শ্রেণীকক্ষ দ্রুত মেরামতের জন্য নোয়াখালীর জেলা পরিষদের প্রশাসক এ বি এম জাফর উল্যাকে অনুরোধ করেন।
পরে তিনি চর এলাহী বাজারে ঝড়ে নিহত ৪ জেলে পরিবারকে নিজের এবং সরকারি তহবিল থেকে ২০ হাজার টাকা করে নগদ সহায়তা দেন।
এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক এ বি এম জাফর উল্যা, জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আওয়াল প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০০ ঘ.
bdnews24