২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার চালু হচ্ছে টেলিটকের থ্রি-জি

দেশে প্রথমবারের মতো তৃতীয় প্রজন্মের (থ্রি-জি) প্রযুক্তি সেবার উদ্বোধন করতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2012, 12:47 PM

Updated : 24 Aug 2022, 12:19 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে প্রথমবারের মতো তৃতীয় প্রজন্মের (থ্রি-জি) প্রযুক্তি সেবার উদ্বোধন করতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক। টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মুজিবর রহমান শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিটকের পরীক্ষামূলক থ্রি-জি সেবা উদ্বোধন করবেন। টেলিটকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রাহকদের থ্রি-জি সিম বা সংযোগ কীভাবে দেয়া হবে তা অক্টোবর মাসেই বিজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। প্রতিটি থ্রি-জি সংযোগ বা সিমের দাম এক হাজার টাকার মতো হবে বলে জানান ওই কর্মকর্তা। শুরুতে রাজধানীর তিন লাখের বেশি গ্রাহক তৃতীয় প্রজন্মের (থ্রি-জি) সেবা পাবেন। নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র হিসাবে গত অগাস্ট মাস পর্যন্ত টেলিটকের গ্রাহক প্রায় ১৪ লাখ। অন্যান্য অপারেটররা বাজারে আসার আগেই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসাবে টেলিটক গত মার্চ থেকে ছয় মাস পরীক্ষামূলক থ্রি-জি সেবা দেয়ার অনুমতি পায়। তবে কারিগরি সমস্যার ও অন্যান্য কারণে টেলিটক থ্রিজি সেবা চালু পিছিয়ে যায়। থ্রি-জি প্রযুক্তির মাধ্যমে উচ্চ গতিতে তথ্য পরিবহন সম্ভব। ফলে মোবাইল ফোনেই টিভি দেখা, জিপিএসের মাধ্যমে পথ নির্দেশনা, উচ্চ গতির ইন্টারনেট ব্যবহারসহ ভিডিও কনফারেন্স করা যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/১৮৩০ ঘ.