ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী সাবেক ডিএমপি কমিশনার মিজানুর রহমানকে জেরা শুরু করেছেন জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আইনজীবী।
পরবর্তী তারিখেও বাবরের আইনজীবী আবদুস সোবহান তরফদার তাকে জেরা করবেন।
রাষ্ট্রপক্ষের অন্যতম আইনজীবী আবুল কালাম আজাদ জানান, রোববার সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পুুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে কেন্দ্রীয় কারাগারসংলগ্ন বিশেষ এজলাসে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন সাক্ষ্য গ্রহন করেন। পরে ৭ অক্টোবর পরবর্তী সাক্ষ্য গ্রহনের তারিখ রাখেন বিচারক।
মিজানুর এ মামলায় রাষ্ট্রপক্ষের ৬৩ নম্বর সাক্ষী ।
২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় দলের কেন্দ্রীয় নেত্রী আইভী রহমানসহ ২৪ জন নিহত এবং কয়েকশ’ আহত হন। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় এ মামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করা হয় বলে অভিযোগ ওঠে।
কয়েকজন তদন্ত কর্মকর্তার হাত ঘুরে বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে ২০০৮ সালের ১১ জুন সিআইডি কর্মকর্তা ফজলুল কবীর ২২ জনকে আসামি করে মামলার অভিযোগপত্র দাখিল করেন।
এরপর বর্তমান আওয়ামী লীগ সরকার আমলে সিআইডির বিশেষ পুলিশ সুপার কাহহার আকন্দের অধিকতর তদন্তে আসামির তালিকায় যোগ হন খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ আরো ৩০ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসইউ/১৮৫৮ ঘ.
bdnews24