২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসত্তা নিয়ে পাহাড়িরা অন্ধকারে: সন্তু লারমা

জাতিসত্তা নিয়ে পাহাড়িদের অন্ধকারে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2012, 11:57 AM

Updated : 24 Aug 2022, 12:14 PM

পটুয়াখালী, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসত্তা নিয়ে পাহাড়িদের অন্ধকারে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)। রোববার দুপুরে ১২টায় পটুয়াখালী কলাপাড়ায় রাখাইনদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সন্তু বলেন, “জাতিসত্তা নিয়ে আমাদের এখনো অন্ধকারে রাখা হয়েছে। সংবিধানে ৫ম, ৮ম ও পঞ্চদশ সংশোধনীতে একেক রকম কথা বলা হয়েছে।” “৫৪টি আদিবাসী জাতিসত্তা কেন বাঙালি বলে গণ্য হবে? যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছিল, ৪১ বছরেও তা বাস্তবায়িত হয়নি,” বলেন তিনি। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) সভাপতি সন্তু লারমা আরো বলেন, প্রগতিবিরোধী চিন্তাধারা ও সন্ত্রাস এ দেশে এখনো বিদ্যামান। পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরিত হলেও তা বাস্তবায়িত হয়নি। স্থানীয় আদিবাসীদের উদ্যেশে তিনি বলেন, “আমাদের আদিবাসীদের মধ্যে অনৈক্য রয়েছে। আপনাদের নিজেদের অধিকার বাস্তবায়ন করতে চাইলে সংঘবদ্ধ হওয়ার বিকল্প কোনো পথ নেই।” কলাপাড়া ও কুয়াকাটায় বসবাসরত রাখাইনদের জমি দখল ও হয়রানিরোধে প্রশাসনকে দৃষ্টি দিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান সন্তু। পাহাড়ি ও সমতলের ‘আদিবাসী’ জনগোষ্ঠীর মধ্যে সেতুবন্ধনের লক্ষ্যেই তার কলাপাড়া ও কুয়াকাটা সফর বলে দাবি করেন সন্তু লারমা। কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রবীণ রাখাইন নেতা ঊষু হালদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় আদিবাসী ফোরামের সাংগঠনিক সস্পাদক শক্তি পদ ত্রিপুরা, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এস এম রাকিবুল আহসান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৪৭ ঘ.