২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধপূর্ণ দ্বীপে বাংলাদেশের সমর্থন চায় চীন

বিরোধপূর্ণ দ্বীপের মালিকানা নিয়ে জাপানের সঙ্গে সাম্প্রতিক বিরোধে বাংলাদেশের সমর্থন চেয়েছে চীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2012, 11:47 AM

Updated : 24 Aug 2022, 12:14 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিরোধপূর্ণ দ্বীপের মালিকানা নিয়ে জাপানের সঙ্গে সাম্প্রতিক বিরোধে বাংলাদেশের সমর্থন চেয়েছে চীন। রোববার এক সংবাদ সম্মেলনে চীনা দূতাবাসের রাজনৈতিক পরামর্শদাতা ইয়াং ঝাওহুই জানান, এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি বার্তা পাঠিয়েছেন চীনের রাষ্ট্রদূত লি জুন। “সমর্থন চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠিও লিখেছি,” বলেন তিনি। পূর্ব চীন সাগরের দিয়াওউ দ্বীপমালার মালিকানা নিয়ে সৃষ্ট বিতর্কে চীন-জাপানের মধ্যে উত্তেজনা ক্রমাগত বাড়ছে। জাপানের অধীনে থাকা জনমানবশূন্য এই দ্বীপগুলো ও এর আশপাশের সাগরে প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাসের মজুদ আছে বলে ধারণা করা হয়। দ্বীপগুলোর ঐতিহাসিক কর্তৃত্ব দাবি করে আসছিল চীন। সেপ্টেম্বরের প্রথম দিকে ব্যক্তিমালিকানাধীন ওই দ্বীপগুলো জাপান সরকার কিনে নিলে বিক্ষুব্ধ চীন তীব্র প্রতিবাদ জানায়। চীনজুড়ে জাপান বিরোধী প্রবল বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ইয়াং ঝাওহুই জানান, চীনের সার্বভৌম লঙ্ঘন করে দ্বীপটি জাতীয়করণ বন্ধ করার জন্য জাপানকে আহ্বান জানানো হয়। সেইসঙ্গে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানেরও আহ্বান জানায় চীন। তিনি দাবি করেন, “জাপানের পদক্ষেপ সম্পূর্ণ অবৈধ ও অগ্রহণযোগ্য।” বিরোধপূর্ণ এ দ্বীপটি সম্পর্কে তিনি জানান, ১৯৭০ সালে জাপান ও চীন ‘শান্তি ও বন্ধুত্ব’ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করে। ওই চুক্তির সময় উভয় দেশের নেতারাই দিয়াওউ দ্বীপের বিষয়টি পরবর্তীতে সমাধান করা হবে বলে জানান। “কিন্তু সম্প্রতি টোকিও দ্বীপটিকে এককভাবে জাতীয়করণের পদক্ষেপ নিয়েছে। বেইজিং চায় এ ভুলটি শুধরাতে বাস্তবিক পদক্ষেপ নিক টোকিও।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমডি/এসইউ/১৭৪২ ঘ.