২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রফিকে ‘রাজি’ বিএনপি

আগামী নির্বাচনের সময় ব্যারিস্টার রফিক-উল হক নির্দলীয় সরকারের প্রধান উপদেষ্টা হলে তাতে আপত্তি নেই বলে জানিয়েছে বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2012, 09:45 AM

Updated : 24 Aug 2022, 12:14 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী নির্বাচনের সময় ব্যারিস্টার রফিক-উল হক নির্দলীয় সরকারের প্রধান উপদেষ্টা হলে তাতে আপত্তি নেই বলে জানিয়েছে বিরোধী দল বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন রোববার রাজধানীতে এক আলোচনা সভায় বলেন, “নির্দলীয় সরকারের দাবি মেনে নেয়া হলে দুই দল বসেই প্রধান উপদেষ্টা ঠিক করবে। সেক্ষেত্রে প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক যদি ইচ্ছা পোষণ করেন, তাহলে আমাদের (বিএনপি) আপত্তি নেই।” শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আইনজীবী রফিক-উল হক বলেন, দেশের জনগণের স্বার্থে দুই নেত্রীকে একসঙ্গে বসানোর ‘উদ্যোগ’ নেবেন তিনি। তেমন পরিস্থিতি হলে দেশের জন্য ‘সব ধরনের দায়িত্ব’ নিতেও রাজি আছেন বলে জানান এরশাদের আমলের এই অ্যাটর্নি জেনারেল । সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলুপ্ত হওয়ায় এখন আর কোনো অনির্বাচিত ব্যক্তির সরকার প্রধান হওয়ার সুযোগ নেই। বিএনপির দাবি অনুযায়ী নির্দলীয় পদ্ধতি ফেরাতে হলে আবারো সংবিধান সংশোধন করতে হবে। কিছুদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে উত্তরবঙ্গ সফর করেন এরশাদের আমলের অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক। শনিবার দুপুরে নির্দলীয় সরকারের প্রধান হওয়ার ইচ্ছা প্রকাশ করার পর রাতে গুলশানে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে তার বাসায় দীর্ঘ সময় বৈঠক করেন তিনি। এরপর রোববার জাতীয় প্রেস ক্লাবে সাংবিধানিক অধিকার ফোরামের আলোচনা সভায় হয় খন্দকার মোশাররফ বলেন, “টেলিভিশনের সংবাদে দেখে এসেছি- গাজীপুর-৪ আসনের উপনির্বাচনে ভোটকেন্দ্রগুলো খাঁ খাঁ করছে। ভোটারের সংখ্যা একেবারেই কম। এ থেকে প্রমাণ হয়, দেশের মানুষ কোনো দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন চায় না। তাই সরকারকে আহবান জানাব, বাস্তবতা উপলব্ধি করে নির্দলীয় সরকারের দাবি মেনে নিন।’’ “তাদের (সরকার) বলব, সঙ্কট উত্তরণে ব্যারিস্টার রফিকের পরামর্শ শুনুন। নির্দলীয় সরকার হলে তার প্রধান উপদেষ্টা কে হবে, দুই দল বসে তা ঠিক করবে”, বলেন তিনি। রফিক-উল হকের বক্তব্যের সূত্র ধরে খন্দকার মোশাররফ “বয়োজ্যেষ্ঠ ব্যক্তিত্ব রফিক-উল হক ১/১১ সময়ে দুই নেত্রীর পক্ষে কাজ করেছেন।... আমাদের বক্তব্য স্পষ্ট, আগে নির্দলীয় নিরপেক্ষ সরকার ফিরিয়ে আনতে হবে। এরপর কে প্রধান উপদেষ্টা হবেন, তা দুই দল বসে আলোচনা করে ঠিক করবে।” নির্দলীয় সরকারের কাঠামো ও পদ্ধতি কি হবে- তা নিয়ে সরকারের সঙ্গে সংলাপ করতেও বিএনপি রাজি আছে বলে জানান তিনি। মোশাররফ বলেন, “এজেন্ডা ঠিক হলে সংকট উত্তরণে দুই নেত্রীকে সংলাপে বসানো যেতে পারে। তবে সব কিছুর আগে সরকারকে ঘোষণা দিতে হবে- আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে হবে।” ‘ব্যাংক খাতে দুর্নীতি ও অনিয়ম: দেশের উন্নয়ন ও গণতন্ত্রে হুমকি’ শীর্ষক এই অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করে সংগঠনের সদস্য সচিব সুরঞ্জন ঘোষ। সংগঠনের প্রধান উপদেষ্টা সাবেক সচিব সৈয়দ মারগুব মোর্শেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপি স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কেন্দ্রীয় নেতা ইসমাইল হোসেন বেঙ্গল বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৫৩৫ ঘ.