ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হৃদরোগ মোকবেলার জন্য জীবনযাত্রার ধরন ও খাদ্যাভ্যাস পরিবর্তনের আহ্বান জানিয়ে দেশে বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে।
‘এক বিশ্ব, এক ঘর, এক হৃদয়’ প্রতিপাদ্য নিয়ে শনিবার বিশ্বের বিভিন্ন দেশে এ দিবসটি পালন করা হয়। অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও বিভিন্ন আয়োজনের মধ্যে এ দিবসটি পালিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশে মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে যেসব রোগী মারা যায় তাদের মধ্যে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয় হৃদরোগে আক্রান্ত হয়ে। আর জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃতদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রোগীর মৃত্যু হয় এ রোগের কারণে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভাষ্য অনুযায়ী, উন্নত দেশগুলোতে গত দুই দশকে হৃদরোগে মৃত্যুহার ‘উল্লেখযোগ্য’ হারে কমেছে। ‘প্রতিরোধ ও নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের সমন্বয়ে’ ওই সব দেশে এ মৃত্যুহার কমেছে। কিন্তু উন্নয়নশীল দেশগুলোতে হৃদরোগে মৃত্যুহার বাড়ছে।
ধূমপান, শারীরিক পরিশ্রম না করা, অস্বাস্থ্যকর খাবার ও অতিরিক্ত মদ্যপানে হৃদরোগের ঝুঁকি বাড়ে।
এ বিষয়ে একটি সেমিনারে জাতীয় অধ্যাপক আব্দুল মালেক বলেন, “ধূমপান, জাঙ্ক ফুড খাওয়া ও পরিমিত মাত্রায় ব্যায়াম না করার কারণে আমাদের তরুণরাও এতে আক্রান্ত হচ্ছে।”
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশেরও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মালেক বলেন, এ ধরনের জীবনযাপনে উচ্চ রক্তচাপ, স্থ’ূলতা, ডায়াবেটিসের মতো রোগ হয় এবং সেগুলোর কারণে হৃদপিণ্ডের ক্ষতি হয়।
হৃদরোগ থেকে জনগণকে সুরক্ষার জন্য ‘একটি স্বাস্থ্যকর জীবনযাপন পদ্ধতি এবং ঘর থেকে তা শুরুর ওপর গুরুত্ব দেয়া’ বিষয়ে সচেতনতা বাড়াতে হবে বলে মন্তব্য করেন তিনি।
‘ঘরে বা অফিসে দৈনিক আধা ঘণ্টা হাটা বা ব্যায়াম’ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও জানান তিনি।
বিশ্বে হৃদরোগে প্রতিবছর প্রায় এক কোটি ৭৩ লাখ মানুষ প্রাণ হারায় এবং প্রতিবছরই এ সংখ্যা বাড়ছে। তাই এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে ২০০০ সাল থেকে বিশ্ব হার্ট দিবস পালিত হয়ে আসছে।
২০৩০ সাল নাগাদ এ রোগে বছরে দুই কোটি ৩০ লাখ মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা রয়েছে।
দিবসটি উপলক্ষে এদিন সকালে মিরপুরে একটি শোভাযাত্রা করে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউট। এছাড়া বিকালে তাদের পক্ষ থেকে একটি আলোচনা সভা ও বিনামূল্যে চিকিৎসা প্রদান ক্যাম্প করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএইচ/২৩১৬ ঘ.
bdnews24