ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারে এক অনুষ্ঠানে অকাল প্রয়াত কবি ও সাংবাদিক আপন মাহমুদকে স্মরণ করেছেন তার বন্ধু ও সুহৃদরা।
শনিবার এ স্মরণসভায় স্মৃতিচারণ করেন শিক্ষা সচিব কামাল আবু নাসের (কবি কামাল চৌধুরী), বাংলা একাডেমীর পরিচালক সরকার আমিনসহ আপনের বন্ধু ও সতীর্থরা।
কামাল আবু নাসের বলেন, আপন মাহমুদ ছিলেন শূন্য দশকের এক উজ্জ্বল প্রতিভা। তার অকাল প্রয়াণে তার বন্ধুসহ কবি মহলে যে আলোড়ন তৈরি হয়েছে তা কেবল আমার বন্ধু রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ’র ক্ষেত্রে হয়েছিল।
আপনের স্মৃতি বাঁচিয়ে রাখতে তার বন্ধু-সুহৃদদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম, আহমেদ স্বপন মাহমুদ, ব্রাত্য রাইসু, শাহেদ কায়েস, কবির হুমায়ুন, সাখাওয়াৎ টিপুসহ শতাধিক কবি-সাহিত্যিক।
আপনের পরিবারের সদস্যরাও স্মরণসভায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সবাই আপন মাহমুদের কবিতা ও জীবন নিয়ে স্মৃতিচারণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
তার কবিতা আবৃত্তি করেন শিমুল মুস্তাফা, শাকিরা শাকিলা ও মতিন আব্দুল্লাহ।
১৯৭৬ সালের ১ জানুয়ারি লক্ষ্মীপুরের কড়ইতলি গ্রামে আপন মাহমুদের জন্ম। গত ১২ সেপ্টেম্বর ঢাকায় অ্যাপোলো হাসপাতাল মৃত্যুবরণ করেন তিনি।
তিনি দৈনিক কালেরকণ্ঠের জ্যেষ্ঠ সহ-সম্পাদক ছিলেন। এর আগে তিনি অধুনালুপ্ত দৈনিক আজকের কাগজ ও যায়যায়দিন পত্রিকায় কাজ করেন।
তার একমাত্র কাব্যগ্রন্থ সকালের দাঁড়িকমা প্রকাশিত হয় ২০১১ এর অমর একুশে গ্রন্থমেলায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/ডিডি/২১০৯ ঘ.
bdnews24