২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জালাল হত্যা: স্ত্রী ও সৎ ছেলে ফের রিমান্ড

নেত্রকোনার সাবেক সাংসদ জালাল উদ্দিন হত্যা মামলায় তার স্ত্রী ও সৎ ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আরো পাঁচ দিনের হেফাজতে নিয়েছে ডিবি পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2012, 01:39 PM

Updated : 24 Aug 2022, 12:13 PM

সেপ্টেম্বর, ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনার সাবেক সাংসদ জালাল উদ্দিন হত্যা মামলায় তার স্ত্রী ও সৎ ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আরো পাঁচ দিনের হেফাজতে নিয়েছে ডিবি পুলিশ। শনিবার নেত্রকোনার মুখ্য বিচার বিভাগীয় হাকিম সিদ্দিকুন আরেফিন চৌধুরীর আদালতে তাদের হাজির করে হেফাজতের (রিমান্ড) আবেদন করে গোয়েন্দা পুলিশ। এর আগে বৃহস্পতিবার জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আদালত জালালের স্ত্রী আয়েশা বেগম ও আয়েশার প্রথমপক্ষের ছেলে মাসুদকে দুই দিনের রিমান্ডে নিয়েছিল দুর্গাপুর থানা পুলিশ। পুলিশের জেলা গোয়েন্দা শাখার ওসি এ কে এম কাউসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগের দু’দিনের রিমান্ড শেষে শনিবার বিকালে আয়েশা ও মাসুদকে আদালতে হাজির করে আবারো রিমান্ড চাওয়া হয়। জালাল উদ্দিন তালুকদার হত্যা মামলার তদন্তভার থানা পুলিশ থেকে শুক্রবার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। কাউসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে। পালাক্রমে তাদের জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র এবং অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন। পুলিশের জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে কিছু জানাতে চাননি তিনি। পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বলেন, শুক্রবার বিকাল থেকে জেলা ডিবি পুলিশের কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনো রহস্য উন্মোচন করা সম্ভব হয়নি। জালাল উদ্দিন তালুকদার মঙ্গলবার নিজ বাসভবনে মাথায় গুলিবিদ্ধ হয়ে আহত হন। ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার তার চিকিৎসকরা জানান তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের সময় তার মাথায় রিভলবারের একটি গুলি পাওয়া যায়। এ ঘটনায় জালাল তালুকদারের ছেলে কুতুব উদ্দিন তালুকদার রয়েল জালালের দ্বিতীয় স্ত্রী আয়েশা বেগম ও তার প্রথমপক্ষের ছেলে মাসুদের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো কয়েকজনকে আসামি করে দুর্গাপুর থানায় মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২৫ ঘ.